- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৫, ২০২৩
ইডির ডাক এড়িয়ে গলসির প্রচারসভায় সায়নী, বললেন “ভোটের পর ডাকলে যাব”
বর্ধমানের গলসিতে হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে বুধবার তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ বললেন, “আমি যুবর সভানেত্রী। যুবর সভানেত্রী হিসাবে আমার দায়িত্ব আছে। তাই আমি আজ প্রচারে এসেছি। আমায় ভোটের পর ডাকলে আমি যাবো। আমি আজ ইডির দফতরে ওরা যা চেয়েছিল সেইসব নথি পাঠিয়েছি। আমি আগেও বলেছি, এখনও বলছি, ভোট শেষ হলে ইডি যতবার আমায় ডাকবে আমি ততবার যাব।”
বুধবার সকালে থেকেই জল্পনা চলছিল, ইডির ডাকে আজ কি সিজিও দফতরে ইডির হাজিরায় সায়নী ঘোষ যাবেন না। বাস্তবে সেটাই হল। ইডির ডাকে হাজিরায় না গিয়ে সোজা তৃণমূলের হয়ে বর্ধমানের গলসিতে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে চলে গেলেন। এদিন কুণাল ঘোষও সায়নী ঘোষের আগে জানিয়ে দিয়েছিলেন, “সায়নী ঘোষ ইডির ডাকে আজ সিজিও কমপ্লেক্সে যাবেন না। তিনি প্রচারে যাবেন বর্ধমানের গলসিতে।”
ইডি সূত্রে জানা যাচ্ছে সায়নী ঘোষ বুধবার ইডি দফতরে না গিয়ে তাঁর কাছে ইডির তরফে চাওয়া তাঁর ব্যাঙ্কের নথি, ঋণের নথি সহ বহু কাগজ পাঠিয়ে দিয়েছেন। এবার দেখার পঞ্চায়েত নির্বাচনের আগে ইডি আর সায়নী ঘোষকে ডাকে কি না। পাশাপাশি এটাও দেখার সায়নী ঘোষ পঞ্চায়েত নির্বাচনের পর তাঁকে ইডি ডাকলে হাজিরায় যান কি না।
এদিকে বুধবার সায়নী ঘোষের ইডি দফতরে হাজিরায় না যাওয়ার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, “সায়নী আজ গেলে কালীঘাটের কাকুর মতো অবস্থা হতো, তাই তিনি যাননি।”
❤ Support Us








