- প্রচ্ছদ রচনা
- এপ্রিল ৮, ২০২২
বড় ঘোষণা রিজার্ভ ব্যাংকের, কার্ড ছাড়াই সব ব্যাংক ও এটিএম থেকে তোলা যাবে টাকা ।
শুক্রবার ২০২২-২৩ সালের প্রথম অর্থনৈতিক নীতি নির্ধারক কমিটির ভাষণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিপদ দাস বললেন, এবার থেকে এটিএম কার্ড ছাড়াই যে কোনো ব্যাংক ও এটিএম বুথ টাকা তুলতে পারবেন সাধারণ মানুষ। দেশের সমস্ত ব্যাংকেই অবিলম্বে এমন পরিষেবা শুরু হবে। আপাতত দেশের অল্পসংখ্যক ব্যাংকে এই সুযোগ থাকলেও অচিরেই এটি শুরু হবে গোটা দেশে।
তাঁর বললেন, ‘এই মুহূর্তে এটিএম থেকে কার্ড ব্যবহার না করে টাকা তোলার সুযোগ রয়েছে সামান্য কয়েকটি ব্যাংকে। এবার প্রস্তাব দেওয়া হয়েছে সমস্ত ব্যাংক ও এটিএমেই যেন ইউপিআই (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) ব্যবহার করে টাকা তোলার সুবিধা থাকে। ‘ সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, এই ধরনের লেনদেনের ক্ষেত্রে কার্ড সঙ্গে না থাকার ফলে নানা ধরনের প্রতারণা অর্থাৎ কার্ডের তথ্য চুরি করা সম্ভব হবে না।
কার্ড ছাড়া কত টাকা তোলা যাবে, তাও জানালেন তিনি। বললেন, চালু নিয়ম অনুযায়ী, ন্যূনতম ১০০ টাকা তোলা যায়। একদিনে সর্বাধিক তোলা যায় ১০ হাজার টাকা। মাসিক হিসেবে তোলা যায় সর্বোচ্চ ২৫ হাজার টাকা। তবে এই সীমা বদলেও যেতে পারে দেশের সর্বত্র এই নিয়ম চালু হলে।আজ রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক। এই মুহূর্তে রিজার্ভ ব্যাংকের রেপো রেট চার শতাংশ এবং রিভার্স রেপো রেট আগের মতোই ৩.৩৫ শতাংশ। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংক গুলোকে ঋণ দেয়, তা হল রেপো রেট। আর শীর্ষ ব্যাংক যে হারে অন্য বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়, সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট। রেপো রেট কমানোর অর্থ সুদের হার কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে উৎসাহিত করা। যাতে মানুষ আরও ঋণ নেয় ও বাজারে টাকার জোগান বাড়ে। আপাতত সেই পথে হাঁটছে না রিজার্ভ ব্যাংক ।
❤ Support Us







