Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৭, ২০২৫

দক্ষিণ কলকাতার ল-কলেজে ছাত্রীকে গণহারে যৌন নির্যাতন, দুই পড়ুয়া-সহ গ্রেফতার ৩

আরম্ভ ওয়েব ডেস্ক
দক্ষিণ কলকাতার ল-কলেজে ছাত্রীকে গণহারে যৌন নির্যাতন, দুই পড়ুয়া-সহ গ্রেফতার ৩

গতবছর আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল দেশ। লজ্জা, ঘৃণা আর বিচারের দাবিতে পথে নেমেছিলেন আপামর আমজনতা। আর জি করের ঘটনার ঘা এখনও দগদগে। সে সময়, প্রশ্ন উঠেছিল, নারী নিরাপত্তা আর রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে। সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন নাগরিক সমাজ। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্চয় রায়কে আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেও, তাতে স্বস্তি পায়নি রাজ্যের মানুষ। সুরক্ষার প্রশ্নে সরকার নানারকম আশ্বাস দিয়েছিল। সময় পেরিয়েছে কিন্তু অবস্থার যে খুব একটা কিছু পরিবর্তন হয় নি, তার প্রমাণ দিল খাস কলকাতায় একটি ল-কলেজের ভিতরে তরুণী ছাত্রীকে গণহারে যৌন নির্যাতনের ঘটনা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ২ পড়ুয়া ও ১ প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ, তবে প্রশ্ন থেকেই যাচ্ছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্র থেকে শুরু করে নিজের এলাকাতেও কতখানি সুরক্ষিত নারীরা।

জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে নির্যাতনের শিকার হন ওই তরুণী। এরপর তিনি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন অভিযোগকারিণী ছাত্রী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁদের আলিপুর আদালতে পেশ করা হবে। সাক্ষীদের বয়ানও রেকর্ড করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে, তা কঠোর নিরাপত্তার ঘিরে রাখা হয়েছে। সেখান থেকে আজ ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হবে। কলেজের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে । এছাড়াও অভিযুক্তরা কোথা দিয়ে কলেজে ঢুকেছিল, গোটা ঘটনাটি ঘটানোর পর কথা দিয়ে বেরিয়ে গেল, তা জানার জন্য রাস্তার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করছে তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, এফআইআরে নাম থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থশঙ্কর শিশু রায় উদ্যানের সামনে থেকে প্রথম ব্যক্তিকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এবং দ্বিতীয় ব্যক্তিকে ৭টা ৩৫ মিনিটে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাত সাড়ে বারোটার দিকে তাদের বাড়ি থেকে তৃতীয় অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। তিনজনের কাছ থেকে তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ শুক্রবার আদালতে তাদের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিতে চাইবে। পুলিশের তরফে অভিযুক্তদের নামধাম প্রকাশ না করা হলেও, তাঁদের ‘জে’, ‘এম’ এবং ‘পি’ নামে চিহ্নিত করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত প্রাক্তণ পড়ুয়া ২০২২ সালেই তার ডিগ্রি কোর্স সম্পন্ন করেছিল। কিন্তু তারপরেও কীভাবে কলেজে অবাধ যাতায়াত রয়েছে তার? সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর যে ৩ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাঁরা প্রত্যেকেই ওই কলেজের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তাঁদের রাজনৈতিক দাপট রয়েছে। আরজি করের পর আবার এরকম নারকীয় ঘটনায় রাজ্যের অপরাধ দমনে আইন-শৃঙ্খলার ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে ঠেলে দিল শাসক শিবিরকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!