Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ৯, ২০২৩

মণিপুর নিয়ে শীর্ষ আদালতের উদ্বেগ, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
মণিপুর নিয়ে শীর্ষ আদালতের উদ্বেগ, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ

মণিপুরের ঘটনা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল দেশের সর্বোচ্চ  আদালত। মণিপুরে অশান্তির কারণে যেভাবে সেখানকার সাধারণ জনজীবন সংকটের মধ্যে পড়েছে এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। মণিপুরের এই অশান্ত পরিস্থিতি নিয়ে একটি মামলার শুনানিতে মনিপুরের সাম্প্রতিক অস্থিরতাকে মানবিক সমস্যা বলেও উল্লেখ করে সুপ্রিম কোর্ট।

মণিপুরে গত কয়েকদিন ধরে লাগামছাড়া উত্তেজনা চলছে। একের পর এক ঘর-বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে সেখানে। এক কথায়  মণিপুর রণক্ষেত্রের রূপ নিয়েছে। পরিস্থিতি সামলাতে কয়েক হাজার সেনাবাহিনীকে মোতায়েন করা হয় অশান্ত মণিপুরে।

এখনও পর্যন্ত সে মণিপুরে হিংসার বলি হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ, সরকারি হিসেবে সেটাই জানিয়েছে। এই অবস্থায় মণিপুরকে নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমা এবং জেবি পারদিওয়ালার বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয়।

এই মামলার শুনানিতে হিংসায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে শীর্ষ আদালতের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শীর্ষ আদালত শুধু নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েই থিম থাকেনি, ক্ষতিগ্রস্তদের জন্যে পুনর্বাসন এবং ত্রাণের পর্যাপ্ত ব্যবস্থা করার জন্যও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁর পর্যবেক্ষণে বলেন, মণিপুরের ঘটনা খুবই দুঃখজনক। এই ঘটনায় যেভাবে প্রাণহানি এবং সম্পত্তিহানির ঘটনা ঘটেছে সেই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে এদিন মন্তব্য করে শীর্ষ আদালত। তবে পুরো বিষয়টি আদালত উদ্বিগ্ন বলেও মন্তব্য প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের।

মণিপুরের হিংসায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে উঠতে বাধ্য হয়েছেন তাঁদের জন্যে পর্যাপ্ত খাদ্য, পানীয় জল-সহ উপযুক্ত ত্রাণের ব্যবস্থা করতে কেন্দ্র এবং মণিপুর সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, মণিপুর হিংসা নিয়ে নজর রাখছেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইন মেনে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে গত কয়েকদিন আগেই জানিয়েছেন  আইনমন্ত্রী কিরণ রিজেজু।

ইতিমধ্যে একাধিকবার পরিস্থিতি নিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। সেখানে দাঁড়িয়ে এদিনের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে নতুন করে কোনও অশান্তির ঘটনা মণিপুরে ঘটেছে বলে প্রকাশ্যে আসেনি। তবে সে রাজ্যে এখনও পর্যন্ত ১০০ কোম্পানি বাহিনীকে মোতায়েন করা রয়েছে। বিভিন্ন জায়গায় সেনা বাহিনী তল্লাশি চালাচ্ছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। যদিও আতঙ্ক সরিয়ে ধীরে ধীরে পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!