Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৬, ২০২৫

দুধে ভেজাল ! গ্রেফতার তৃণমূলের শ্রমিক নেতা সহ ৫

আরম্ভ ওয়েব ডেস্ক
দুধে ভেজাল ! গ্রেফতার তৃণমূলের শ্রমিক নেতা সহ ৫

হুগলিতে দুধে ভেজাল মেশানোর অভিযোগে তৃণমূলের শ্রমিক নেতা সহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ধৃত তৃণমুল নেতা চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত। দায় অস্বীকার করেছেন বিধায়ক।

এ রাজ্যে দুর্নীতি আর অপরাধের হাত থেকে রেহায় পায় না কোনোকিছুই, বিরোধীদের এ হেন অভিযোগ যেন বারবারই প্রমাণ করতে মরিয়া রাজ্যের শাসক দল। বেশ কিছুদিন ধরেই পুলিশের চোখ এড়িয়ে পোলবার হোসনাবাদ এলাকায় চলছিল ভেজাল দুধের রমরমা কারবার। গোপন সূত্রে খবর পেয়ে ১৩ এপ্রিল পোলবা থানার পুলিশ হোসনাবাদের একটি হোটেলে অভিযান চালায়। অভিযানে কেমিক্যাল মেশানো দুধ উদ্ধার হয় এবং একটি দুধের ট্যাঙ্কার ও একটি ছোট গাড়ি আটক করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে ৪ জনকে গ্রেফতার করে। তাঁদের জেরা করে উঠে আসে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারের নাম। পরে তাঁকেও গ্রেফতার করে পুলিশ। এফআইআর দায়ের হয় মোট সাতজনের বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যবসায়ী সোনা শীলের নামও।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি এ ঘটনা নিয়ে বলেছেন, ‘দুধে ভেজাল মেশানোর অভিযোগের ভিত্তিতে গত ১৩ এপ্রিল অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ভেজাল দুধ তৈরি করবার কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। দুধ ও কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে।’ ডিএসপি আরো বলেছেন, ‘যারা এই চক্রের মূল মাথা, তাদেরও গ্রেফতার করা হবে। বিপ্লব সরকার মূল পান্ডার সহযোগী। কে প্রভাবশালী, তা বড়ো কথা নয়, দোষী যে-ই হোক না কেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা দুধে রাসায়নিক মিশিয়ে পরিমাণ বাড়িয়ে বাজারে বিক্রি করত।’ শুক্রবার বিপ্লব সরকারকে চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ। আদালত তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

বিপ্লব সরকারের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, যাঁর ঘনিষ্ঠ বলে বিপ্লব সরকার পরিচিত, স্পষ্ট জানান, ‘আইন সবার জন্য সমান। যে অন্যায় করবে, দলীয় পরিচয় থাকলেও রেহাই পাবে না। আমি ব্যক্তিগতভাবে কারও অন্যায়কে সমর্থন করি না।’ তিনি আরও জানান, বিপ্লব সরকারের সঙ্গে তাঁর রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, বিপ্লবের বিরুদ্ধে তিনি এর আগেও সরব হয়েছেন। দুর্নীতি করলে তৃণমূলে কারো ঠাই নেই।’ অন্যদিকে, এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। বিজেপির সপ্তগ্রাম মণ্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, ‘শিশুরা যে দুধ খায়, সেই দুধে কেমিক্যাল মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। তৃণমূল শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য ও খাদ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। এখন শিশুরাও রেহাই পাচ্ছে না। লালুপ্রসাদ যাদব তবু পশু খাদ্য কেলেঙ্কারি করেছিল, এঁরা শিশু খাদ্য কেলেঙ্কারি করছে।’

এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য দুধেও ভেজাল মিশিয়ে জনস্বাস্থ্যের সঙ্গে ছেলেখেলা করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, পোলবা থানার তৎপরতায় এখন এই চক্রের পর্দাফাঁস হয়েছে। এই চক্রের মূল পান্ডাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত এখনো চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!