- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৫, ২০২৩
আবার বিস্ফোরক গিয়াসউদ্দিন, দলীয় প্রচার সভাতেই দলের বিরুদ্ধে ক্ষোভ। বললেন, “চোর-ডাকাত-ধান্দাবাজদের টিকিট দেওয়া হয়েছে”
পঞ্চায়েত নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃমমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তাঁর সোজা অভিযোগ, “খুনি, দাঙ্গাবাজদের দলের তরফে টিকিট দেওয়া হয়েছে।” নিজের দলের নেতাদের একাংশকে “চোর, ডাকাত, ধান্দাবাজ”, এদিন আক্রমণ করলেন গিয়াসউদ্দিন।
মগরাহাটের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মঙ্গলবার বিকেলে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভা করতে মগরাাহাট ১ নম্বর ব্লকের শিরাকোলে গিয়েছিলেন। এই সভা থেকে তিনি তাঁর বক্তব্য পেশ করতে গিয়ে কোনও রাখঢাক না করে, দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। এই সভায় দলীয় প্রার্থীর হয়ে ভোট চাওয়ার সময় প্রচার মঞ্চ থেকেই দলের একাংশের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। গিয়াসউদ্দিন বলেন, “যারা চোর, ডাকাত, ধান্দাবাজ, তারাই এবার টিকিট পেয়েছে। আমার দু’টো ছেলেকে যে খুন করে দিয়েছে, লক্ষ্মীকান্তপুরের তাকেও এবার তৃণমূলের টিকিট দিয়েছে।”
গিয়াসউদ্দিন আরও বলেন, “উত্তর কুসুমে যে মার্ডার করেছে, তার ছেলে টিকিট পেয়েছে। যারা আট-দশটি হিন্দু পরিবারের বাড়ি ভাঙচুর করেছে, পুকুর লুট করেছে, হিন্দু মা-বোনেরা যাদের জন্য বাড়িরর বাইরে বের হতে পারছেন না, তারা টিকিট পেয়েছে।” দলে নতুনদের সুযোগ দেওয়া পক্ষে এদিন সওয়াল করেন গিয়াসউদ্দিন। প্রকাশ্য মঞ্চেই এই ভাষাতেই তাঁকে ভাষণ পেশ করতে শোনা যায়, তা-ও আবার কোনও রকম রাখঢাক না করে।
এদিন গিয়াসুদ্দিন বলেন, “মমতাদি যেমন চিনিয়েছে, আমিও তোদের চিনিয়েছি। কারও ব্যবসা আছে? কী করে জমি, বাড়ি কিনছ? সব দলের ইনভলপমেন্ট। লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। তুমি যেমন ২৫ বছর করে খেয়েছো, এবার নতুন ছেলেদের সুযোগ করে দিই। তারাও দল করছে। এটা করে, বলে আমি কি অপরাধ করেছি?”
“মমতাদি যেমন চিনিয়েছে, আমিও তোদের চিনিয়েছি”, বলে গিয়াসউদ্দিন কি তৃণমূলের দুর্নীতির বিষয়টি যে দল থেকে নিয়ন্ত্রণ করা হয় সেটাই ইঙ্গিতে বুঝিয়ে দিলেন? এই প্রশ্নও দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের একাংশ তুলছেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের অভ্যন্তরীণ কলহ লাগামছাড়া রূপ নিয়েছে। গিয়াসউদ্দিনও বার বার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। ওদিকে মুর্শিদাবাদের হুমায়ুন কবীর বলছেন নির্দলদের পাশে তিনি আছেন। আব্দুল করিম চৌধুরী দলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। শোনা যাচ্ছে শেখ সুফিয়ান নন্দীগ্রামে বিজেপির সঙ্গে রফা করে তৃণমূলকে পরাজিত করার জন্য ওই নন্দীগ্রামে বহু নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন। আর এই বিক্ষুব্ধদের সমর্থক তৃণমূলীরা বলছেন, এবার চোরেদের পঞ্চায়েত হবে না। ঠিক একই সুর শোনা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়।
গিয়াসউদ্দিন তাঁর বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন, দলের যারা এতদিন পয়সা কামিয়েছেন এবার তাদের সরে যেতে হবে, কেননা এখন যারা তৃণমূল করছে, তাদেরও তো কামাই করতে দিতে হবে। ঠিক এই অভিযোগই বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে করে, যা শোনা গেল খোদ মগরাহাটের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিনের গলায়, তাও আবার “মমতাদি যেমন চিনিয়েছে”, বলে এই কথা তিনি বললেন।
❤ Support Us








