Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১৭, ২০২৫

সীমান্তের বাংলানিতে ঐতিহ্যের নৌকা বাইচ উৎসব

আরম্ভ ওয়েব ডেস্ক
সীমান্তের বাংলানিতে ঐতিহ্যের নৌকা বাইচ উৎসব

বিশ্বকর্মা পুজো উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা সীমান্তের গ্রামে। ঐতিহ্যের নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে যেন উৎসব উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাংলানি গ্রামে। আজ ঘরে ঘরে মনসা পুজো হয়েছে গ্রামে। সেই সঙ্গে ছোট ছোট কারখানা , গ্যারেজ, মেরামতির দোকানে, বাস, অটো, টোটো সহ অন্যান্য গাড়ির স্ট্যান্ডে চলেছে বিশ্বকর্মার আরাধনা। মনসা পুজো ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্বরূপনগরের সোনাই নদীর কাঠের পোল এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে বাইচের নৌকা নিয়ে নামেন মহিলারাও। বাংলার হারিয়ে যাওয়া এই প্রতিযোগিতা ফিরিয়ে আনতে এগিয়ে আসেন সীমান্তবর্তী এলাকার ছাত্র যুবরা। তারাই উদ্যোগ নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরূপনগর–‌বাংলানি পঞ্চায়েতের প্রধান বর্ণালি সরকার। হালিশহর, বাদুড়িয়া, সন্দেশখালি, হাড়োয়া, স্বরূপনগর থেকে বাইচ প্রতিযোগীরা অংশ নেয়। প্রতিযোগিতা ঘিরে স্থানীয় মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা গেছে। দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমান সোনাই নদীর তীরে। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও বাইচ প্রতিযোগিতায় অংশ নেন। মহিলারা বলেন, আমরা নদী মাতৃক এলাকার মানুষ। পুরুষদের সঙ্গে সমান তালে আমাদের নৌকা বেয়ে মাছ ধরতেও হয়। তাই বাইচ প্রতিযোগিতায় যে আমরাও পারি সেই বার্তা দিতেই এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার আয়োজন করতে সুজন, সঞ্জীব, রতন, প্রীতম সোনাই নদীর কচুরিপানা পরিস্কার করেন। তাঁরা বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা। মৎস্যজীবীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। দিনে দিনে এই প্রতিযোগিতা হারিয়ে যাচ্ছে। আমরা এলাকার ছাত্র যুবরা এই প্রতিযোগিতাকে টিকিয়ে রাখার উদ্যোগ নিয়েছি। বহু মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। প্রতিযোগীদের বসিরহাটের প্রসিদ্ধ গামছা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ‌


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!