- দে । শ
- জুন ৫, ২০২৫
মহেশতলায় ট্রাফিক পুলিশকে মারধর, কিয়স্কে ভাঙচুর
বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ, তিহারফেরত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ফোনালাপ ঘিরে বিতর্ক এখনও থামেনি। সে ঘটনার ৭ দিন পার হয়ে গেলেও, এখনো পর্যন্ত অনুব্রতর বিরুদ্ধে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। যা ঘিরে পুলিশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এমন অবস্থায় সাধারণ মানুষের মধ্যেও পুলিশের প্রতি সম্মান বা ভয় কমে যেতে পারে। এরই মাঝে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর ফের প্রশ্ন তুলে দিল কলকাতা লাগোয়া মহেশতলার ঘটনা। বুধবার রাতে ডিউটিতে থাকা এক ট্রাফিক পুলিশ কর্মীকে প্রকাশ্যে মারধর আর পুলিশের কিয়স্কে ভাঙচুর চলল। যা ঘিরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত আটটা নাগাদ, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ডাকঘর মোড় এলাকায় ডিউটিতে ছিলেন ট্রাফিক পুলিশ কর্মী গৌর সর্দার। অভিযোগ, এক ব্যক্তি আচমকাই একটি টোটোতে উঠে ঝামেলা শুরু করে চালকের সঙ্গে। পরিস্থিতি সামাল দিতে গৌরবাবু এগিয়ে গেলে ওই ব্যক্তি তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে, শুরু হয় মারধর,। এরপর ওই ব্যক্তি ট্রাফিক পুলিশের কিয়স্কেও ভাঙচুর চালায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশের কর্মকর্তারা। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে সরকারি কর্মীর উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট ও নেশাগ্রস্ত অবস্থায় জনবিরোধী আচরণের ধারায় মামলা রুজু হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। আক্রান্ত ট্রাফিক পুলিশকর্মী গৌর সর্দার জানান, ‘আমি যখন জিজ্ঞাসা করলাম কী হচ্ছে, তখনই সে আমাকে গালিগালাজ শুরু করে। বুকে, হাতে মারার চেষ্টা করে। যদিও আমি একটু সরে গিয়েছিলাম বলে তেমন আঘাত লাগেনি। তবে গায়ে হাত তোলার ঘটনাই যথেষ্ট আশঙ্কার।’ এ ঘটনার জেরে রাজ্য জুড়ে বিভিন্ন হলে প্রশ্ন উঠেছে—এরকম ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কি পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ভয় বা সম্মান কমে যেতে পারে। অনুব্রত মণ্ডলের ফোনালাপের মতো ঘটনাগুলিতে যদি কড়া পদক্ষেপ না নেওয়া হয়, তবে কি সমাজে পুলিশের প্রতি এমন দুর্ব্যবহার আরো বাড়বে বলে মনে করেছেন অনেকে। শুধু ঘটনার তদন্ত নয়, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশ ও প্রশাসনকে আরও সক্রিয়, কড়া হতে হবে।
❤ Support Us






