Advertisement
  • বি। দে । শ
  • মার্চ ১৪, ২০২৬

মোজতবা খামেনেইয়ের তথ্য দিলেই মিলবে ইনাম, ঘোষণা মার্কিন প্রশাসনের

আরম্ভ ওয়েব ডেস্ক
মোজতবা খামেনেইয়ের তথ্য দিলেই মিলবে ইনাম, ঘোষণা মার্কিন প্রশাসনের

ইরানের নতুন ধর্মীয় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-এর অবস্থান জানাতে পারলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়ার ঘোষণা করল আমেরিকা। শুক্রবার মার্কিন বিদেশ দফতরের পক্ষ থেকে জানানো হয়, তিনি কোথায় আত্মগোপন করে আছেন সেই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিলে ১ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯২.৪৭ কোটি টাকা) পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

শুধু মোজতবা খামেনেই নন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি-র একাধিক শীর্ষকর্তার সন্ধান দিতে পারলেও পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। এক বিবৃতিতে মার্কিন প্রশাসন দাবি করেছে, আইআরজিসি-র বেশ কিছু শীর্ষ নেতা আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদকে উৎসাহ দিচ্ছেন। তাই তাঁদের সন্ধান পেতে বিশ্বজুড়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। কারও কাছে যদি এই নেতাদের অবস্থান বা কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকে, তা জানালে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

মার্কিন বিবৃতিতে যাঁদের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে তাঁদের তালিকায় রয়েছেন— ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও নিহত আয়াতোল্লা আলি খামেনেই-এর পুত্র মোজতবা খামেনেই, সর্বোচ্চ নেতার দফতরের ডেপুটি চিফ অফ স্টাফ আলি আসগর হেজাই, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি, ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমেনি, গোয়েন্দা দফতরের মন্ত্রী এসমাইল খাতিব,মেজর জেনারেল ইয়াহা রহিম সাফাভি। এছাড়াও আইআরজিসি-র কমান্ডার, সর্বোচ্চ নেতার উপদেষ্টা, প্রতিরক্ষা পরিষদের সচিব এবং সেনা দফতরের প্রধান-সহ আরও কয়েকজন কর্মকর্তার নাম ওই তালিকায় রয়েছে।

মার্কিন প্রশাসনের প্রকাশিত তালিকায় মোট ১০ জনের সন্ধান দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছ’জনের ছবি প্রকাশ করা হয়েছে, তবে বাকি চার জনের ছবি পাওয়া যায়নি বলে সেগুলি প্রকাশ করা সম্ভব হয়নি বলে দাবি করা হয়েছে।
এদিকে ইরানের বিরুদ্ধে চলা সামরিক অভিযানের তৃতীয় সপ্তাহে পৌঁছে গেছে সংঘাত। আমেরিকা এবং ইজরায়েল প্রতিদিনই ইরানের বিরুদ্ধে হামলা আরও জোরদার করছে বলে খবর। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দিনে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের অভিযান চালানো হবে। ফক্স নিউজ রেডিয়ো-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আগামী সপ্তাহ থেকে আমরা আরও জোরালো হামলার পথে নামব। ইরান তা কল্পনাও করতে পারবে না।”

এই সংঘাতের মাঝেই নতুন সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা ছড়িয়েছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য সান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সি মোজতবা একটি পা হারিয়েছেন এবং তাঁর যকৃত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে দাবি করা হয়েছে।

তবে এই সমস্ত দাবি সরাসরি খারিজ করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজকশিয়ান-এর পুত্র ইউসুফ পেজকশিয়ান জানিয়েছেন, দেশের নতুন সর্বোচ্চ নেতা সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ আছেন।

উল্লেখ্য, গত ৯ মার্চ ইরানের সরকারি সংবাদমাধ্যমে মোজতবা খামেনেইকে “জানবাজ অফ রমজান” বলে উল্লেখ করা হয়েছিল। এই শব্দবন্ধের অর্থ হল “একজন আহত অভিজ্ঞ সেনাপতি”। সেই উল্লেখের পর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে ইরান সরকার বারবারই দাবি করেছে, এই খবরগুলির কোনও ভিত্তি নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!