Advertisement
  • দে । শ
  • জুলাই ২৮, ২০২৩

মণিপুরের ভাইরাল ভিডিও আসলে কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মন্তব্য অমিতের

আরম্ভ ওয়েব ডেস্ক
মণিপুরের ভাইরাল ভিডিও আসলে কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মন্তব্য অমিতের

সংসদের বাদল অধিবেশনের আগে মণিপুরের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা আসলে ষড়যন্ত্র, মন্তব্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। এই প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি বলেন, ”১৯৯০-এর দশক থেকেই কুকি এবং মেইতেইদের মধ্যে জাতিগত বিভেদ রয়েছে। সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে এবং যে ভিডিয়োগ্রাফার নগ্ন মহিলাদের সেই ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছে, তাকে গ্রেফতার করা হয়েছে।” এই ভিডিয়ো নিয়ে পুলিশ পৃথক এফআইআর করা হয়েছে বলেও জানান শাহ। এরই পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, বাদল অধিবেশনের আগে এভাবে এই পুরনো ভিডিয়োটি ভাইরাল করার পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। অমিত শাহ দাবি করেন, এই ভিডিয়োর বিষয়ে আগে কোনও কিছুই তাঁরা জানতেন না। আত্মপক্ষ সমর্থনের ভঙ্গিতে অমিত শাহের বক্তব্য, ঘটনার সময় পুলিশ বা সেনা সেই এলাকায় ছিল না। পাশাপাশি শাহ জানান, সেনা দুই জনজাতির মধ্যে একটি বাফার জোন তৈরি করেছে। ৭২ শতাংশ সরকারি কর্মী কাজে ফিরেছেন। ৮২ শতাংশ পড়ুয়া স্কুলে ফিরেছে।তবে গত বুধবারও মণিপুরের বিভিন্ন জায়গায় বোমা, গুলির শব্দ শুনে মানুষ কেঁপে উঠেছেন।

মণিপুর ইস্যুতে সংসদের উভয় কক্ষ সংসদ শুরুর দিন থেকেই উত্তাল হয়ে উঠেছে। এই আবহে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মণিপুর ইস্যুতে  দাবি পাল্টা দাবি চলছে।  রাজ্যসভায় একদিকে বিজেপি সাংসদরা ‘মোদি, মোদি’ স্লোগান দিচ্ছেন। অন্যদিকে বিরোধীরা ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ স্লোগান দিচ্ছেন । এটাই এখন সংসদের উভয় কক্ষের পরিচিত ছবি। বিরোধীদের দাবি, মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্তারিত বিবৃতি দিতে হবে। এই দাবিতেই বাদল অধিবেশনের শুরু থেকেই উভয় কক্ষকে প্রায় অচল করে রেখেছেন বিরোধীরা।

উল্লেখ্য, গত ৩ মে থেকে জাতিগত হিংসার আগুনে জ্বলছে মণিপুর। পরিস্থিতি মাঝখানে কিছুটা শান্ত হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকে অধিকাংশ মানুষকে সরানো হয়েছে। এরই মধ্যে হিংসায় মৃতের সংখ্যা বেড়েই  চলেছে। রেহাই পাচ্ছে না মহিলা ও শিশুরাও। এরই মধ্যে সম্প্রতি মণিপুরে তিন মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো এবং গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই ঘটনার বিভীষিকাময় এক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। গোটা দেশ তাতে স্তম্ভিত হতবাক হয়ে যায়। ঘটনার ৭৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার এই ভাইরাল ভিডিওকে বাদল অধিবেশনের আগে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!