- দে । শ
- এপ্রিল ৭, ২০২২
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাড়ছে ‘সুফল বাংলা’র স্টল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির কারণে বাড়ছে এক জায়গা থেকে অন্য জায়গায় সবজি নিয়ে যাওয়ার খরচ। সেই কারণে আকাশছোঁয়া হয়েছে সবজি, ফলের দাম। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে কম দামে সবজি ও ফল পৌঁছে দিতে মাঠে নামছে সুফল বাংলার পরিষেবা।
সুফল বাংলার দোকান আছে মোট ৩৩২টি। এ ছাড়া ৫০টি স্টল আছে জেলায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি নির্দেশ দেয় এই সুফল বাংলার স্টলের সংখ্যা ৩৩২ থেকে বাড়িয়ে ৫০০টি করতে হবে। সুফল বাংলার স্টল বাজারে বাজারে দাঁড়াবে সকাল ৮টা থেকে ১১টা এবং বেলা ৩টে থেকে ৫টা পর্যন্ত । আগামী দিনে আরও স্টল খোলা হবে। কারণ, বাজার থেকে সুফল বাংলার স্টলে দাম অনেকটা কম।
মূল্যবৃদ্ধির জেরে সরকারের দিকে আঙুল তুলে মমতা বললেন, কেন্দ্রীয় সরকার কোনওভাবেই মূল্যবৃদ্ধির উল্টো দিকে কোনও সমাধান পৌঁছে দিতে পারছে না। সেই কারণে রাজ্য সরকার আলাদা ভাবে ব্যবস্থা করছে। রাজ্য সরকারের সুফল বাংলার স্টলে আলু, পেঁয়াজ, বাঁধাকপি, আদা, শশা, কলা-সহ দরকারি জিনিসও রাখা হবে। পাশাপাশি, রমজান মাস চলছে বলে আলাদা করে খেজুর রাখার কথাও বললেন মমতা।মমতা সরাসরি এদিন বিভিন্ন খোলা বাজারে ব্যবসায়ীদের সাহায্যের কথা বলেন। তিনি বলেন, যদি ব্যবসায়ীরাও একটু নজরে রাখেন, তা হলে ভাল হয়। পাশাপাশি এনফোর্সমেন্টকেও নজর রাখতে বলেন। বেশি কড়াকড়ি নয়, তবে নজর রাখতে হবে, কেউ যে বেআইনি ভাবে বেশি দামে জিনিস বিক্রি করতে না পারেন। পুরো বিষয়টিতে যাতে সাধারণ মানুষ সুবিধা পান সে দিকেও খেয়াল রাখতে হবে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন আলু, পেঁয়াজ বা কলার নির্দিষ্ট পরিমাণ ঠিক করে দিতে, যাতে সকলেই সেটা পান, সেই ব্যবস্থা করা হবে।
সুফল বাংলার আউটলেট-এ বাজারের তুলনায় অনেক কম দামে মিলবে রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। আজ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই সুফল বাংলা স্টলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে নবান্ন নির্ধারিত দামে। একমাস পর ফের টাস্কফোর্সের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
❤ Support Us





