- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২০, ২০২৬
প্রথম দফা ভোটের আগে ‘জিরো টলারেন্স’ নীতি। দ্রুত ভুয়ো পোস্ট মুছতে নির্দেশ কমিশনের
বাংলায় প্রথম দফার ভোটের আর মাত্র ৭২ ঘণ্টা বাকি। ১৬ জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের আগে প্রচারপর্বে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রুখতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে কমিশন জানিয়েছে, বিভ্রান্তিকর, বে–আইনি বা ভুয়ো পোস্ট চিহ্নিত হলে তা ৩ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে।
বাংলা ও তামিলনাড়ু—দুই রাজ্যে এখনো ভোট বাকি রয়েছে। ইতিমধ্যেই প্রায় ১১ হাজারের বেশি সন্দেহজনক পোস্ট চিহ্নিত করেছে কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রথমে সংশ্লিষ্ট ইউজারকে সতর্ক করে পোস্ট সরাতে বলা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না–সরালে বিষয়টি ‘মেটা’-র কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পোস্ট মুছে ফেলা হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ইউজারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও নেওয়া হতে পারে।
ডিজিটাল প্রচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারে কমিশনের সরাসরি আপত্তি নেই। তবে, এআই-নির্ভর কনটেন্ট হলে তা স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। অন্যথায় তথ্যপ্রযুক্তি আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ ধারা অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শুরু হওয়া ‘সাইলেন্স পিরিয়ড’-এ কোনো ধরনের নির্বাচনী প্রচার— টেলিভিশন, রেডিয়ো, প্রিন্ট বা সোশ্যাল মিডিয়া— কোথাও করা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে কমিশন।
আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে কমিশনের নিজস্ব পোর্টালে বিপুল সাড়া মিলেছে। গত ১৫ মার্চ ভোটের দিন ঘোষণার পর থেকে রবিবার পর্যন্ত মোট ৩ লক্ষ ২৩ হাজার ৯৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৯৬.০১ শতাংশ অভিযোগের নিষ্পত্তি ১০০ মিনিটের মধ্যেই করা হয়েছে বলে দাবি ইসি-র। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত বাংলায় ৩৪৮টি আগ্নেয়াস্ত্র ও ৫৫৮টি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়া, ১২৯ কেজি বোমা তৈরির উপকরণ এবং ১১৩৭টি বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। হিসেব-বহির্ভূত ২৩ কোটি ৫১ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি, ৮৫ কোটি ২৬ লক্ষ টাকার বেআইনি মদ-সহ মোট ৪৩৫ কোটি ৯৮ লক্ষ টাকার বেআইনি সম্পদ বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
❤ Support Us






