Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৩, ২০২২

“স্ট্যালিন আমার ভাইয়ের মতো”, বললেন মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
“স্ট্যালিন আমার ভাইয়ের মতো”, বললেন মমতা

চেন্নাইয়ে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্ট্যালিনের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং ডিএমকে নেত্রী কানিমোঝিও। স্ট্যালিনের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি মমতা ব্যানার্জি। তিনি স্ট্যালিনকে “নিজের ভাইয়ের মতো” বলে সম্বোধন করেন।
স্ট্যালিনের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এসে মমতা ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “স্ট্যালিন আমার ভাইয়ের মতো। আমি একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাইয়ে এসেছিলাম। কিন্তু স্ট্যালিনের সঙ্গে দেখা না করে ফিরতে পারি না। দুজন রাজনৈতিক নেতার মধ্যে যখন আলোচনা হয়, তখন রাজনীতির বাইরে অন্য বিষয় নিয়েও আলোচনা হতে পারে। রাজনীতি নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনা হয়নি। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” মোরবি ব্রিজ ভেঙে পড়া প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন, “মানুষের জীবনের থেকে বড় কিছু হতে পারে না। রাজনীতি গুরুত্বপূর্ণ বিষয় নয়। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। অনেকেই প্রাণ হারিয়েছে। এটা ক্রাইম। দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু ওই সেতু সংস্কারের দায়িত্ব কোনও বিশ্বস্ত সংস্থার হাতে দেওয়া যেত। এই বিষয়ে তদন্ত করার জন্য একটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটা বিচার বিভাগীয় কমিটি গঠন করা উচিত। আমি মোরবিতে যেতাম। গেলেই ওরা বলত রাজনীতি করতে এসেছি। তাই যাইনি। গুজরাটের ভোটের জন্য ওরা রাজনীতি করছে।” অন্য রাজনৈতিক বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি মমতা।
অন্যদিকে স্ট্যালিন বলেন, ‘‌মমতাদিকে আমি শ্রদ্ধা করি। বিজেপি ক্রমাগত জনবিরোধী নীতি নিচ্ছে। তাঁদের বিরুদ্ধে শক্তিশালী জোট হওয়া প্রয়োজন। আগামী দিনে বিজেপি বিরোধিতার কর্মসূচি কথা বলেই ঠিক করব।’‌ বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের দাদার জন্মদিনে উপস্থিত থাকার জন্য চেন্নাই গিয়েছিলেন মমতা। স্ট্যালিনের জন্য তিনি বিশ্ব বাংলার তৈরি নাড়ু নিয়ে গিয়েছিলেন। স্ট্যালিন মমতাকে উত্তরীয় পরিয়ে দেন। মমতার হাতে পুষ্পস্তবক তুলে দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।‌‌ এছাড়া উপহারও দেন।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!