- দে । শ
- নভেম্বর ১০, ২০২২
মালদ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডে প্রান হারালেন ৯ জন ভারতীয় ও ১ বাংলাদেশি
মালদ্বীপের রাজধানী মালেতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ১০ জন। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় ও ১জন বাংলাদেশি শ্রমিক রয়েছেন।
একটা বাড়িতে ভিনদেশী শ্রমিকরা ভাড়া থাকতেন। সেই বাড়ির নীচের তলায় একটা গ্যারেজ রয়েছে। সেই গ্যারেজ থেকেই আগুন লাগে। ক্রমশ সেই আগুন বাড়ির ওপরের তলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ছুটে আসে। টানা ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ হয়ে ১০ জন মারা যান। ধ্বংসস্তুপের মধ্যে থেকে দমকল বাহিনী ১০টি মৃতদেহ উদ্ধার করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
মালদ্বীপে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য গভীর দুঃখপ্রকাশ করা হয়েছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘মালেতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন ভারতীয়সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলছি। যে কোনও সাহায্যের জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।’ কী করে গ্যারেজে আগুন লাগল তা তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন।
❤ Support Us





