- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ৩, ২০২৩
দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির জন্য চিনকেই দায়ী করলেন জয়শংকর
তাওয়াং সংঘাতের রেশ এখনও কাটেনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অরুণাচলে গিয়ে সেনা কর্তাদের সাথে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করছেন। এরই মাঝে ভারত-চিন সীমান্ত সংঘাতে চিনকে একহাত নিলেন এস জয়শংকর। দু দেশের সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির ক্ষেত্রে চিনই যে দায়ী মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
এদিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে ভারত ও চিন সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখতে দায়বদ্ধ। কতগুলো দ্বিপাক্ষিক শান্তিচুক্তি উভয় দেশের মধ্যেই স্বাক্ষরিত আছে। সেই চুক্তি অনুসারে চিন বা ভারত কেউই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক হারে সেনা সমাবেশ করতে পারে না। উভয়দেশের মধ্যে কোনো একটি মাত্র দেশের একতরফাভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিবর্তন ঘটাবার কোনো অধিকার নেই। কিন্তু চিন এই চুক্তির শর্তগুলোকে বার বার লঙ্ঘন করে চলেছে। জয়শংকরের এদিনের মন্তব্যে স্পষ্ট ভারত-চিন সীমান্তে জিনপিং সরকারের সাম্প্রতিক কার্যকলাপকে কোনোমতেই ভালোচোখে দেখছে না নয়া দিল্লি।
প্রসঙ্গত, গত মাসের প্রথমে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ঢুকে পরে চিনের লাল ফৌজ। সেসময় ভারতীয় সেনাদের তৎপরতায় পিছু হটে চিনা বাহিনী। পরে উভয় পক্ষের সেনাপ্রধানরাই এক বৈঠকে মিলিত হয়ে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে উদ্যোগী হন। ২০২০ সালের গালওয়ানে রক্তক্ষয়ী সংঘাতের পর ১৭ বার ভারত চিন সেনাদের বৈঠক হয়েছে কিন্তু কোন সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি উভয় দেশের সেনা। ভারত শান্তি ও স্থিতাবস্থার পক্ষে থাকলেও চিন এ ব্যাপারে কতটা আন্তরিক তা নিয়ে বার বার উঠেছে প্রশ্ন। জয়শংকরের এদিনের বক্তব্য সেই প্রশ্নকেই আরো জোরাল করল বলে মত আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের।
❤ Support Us





