- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৯, ২০২৩
বাংলাদেশ কোন বাধা নয়, বাটলারদের চিন্তা ধরমশালার মাঠ
মঙ্গলবার ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়শন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে দারুণ চাপে জস বাটলাররা। বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে বেঙ্গল টাইগারদের বিরুদ্ধে মাঠে নামার আগে ইংল্যান্ডকে চিন্তায় রাখছে ধরমশালার মাঠ।
ধরমশালার আউটফিল্ড খুবই খারাপ। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযুক্ত নয়। বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচে দেখা গেছে, ফিল্ডিংয়ের সময় মাটি উঠে আসছে। ক্রিকেটাররা যে কোনও সময় চোট পেতে পারেন। ম্যাচের পর আফগানিস্তান কোচ জোনাথান ট্রট ও বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ মাঠের সমালোচনায় মুখর ছিলেন।
বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে মাঠ নিয়ে অসন্তোষের কথা শোনা গেছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের মুখেও। ধরমশালার আউটফিল্ডকে তিনি ‘পুওর’ বলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে মাঠ নিয়ে বাটলার বলেন, ‘ধরমশালার আউটফিল্ড খুবই খারাপ। যে কোনও সময় চোট লেগে যেতে পারে। মাঠে ডাইভিং করার সময় ক্রিকেটারদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। দেশের হয়ে খেলার সময় এই ব্যাপারটা কতটা মাথায় থাকবে, সেটা বলা কঠিন। রান বাঁচাতে প্রত্যেক দলের ফিল্ডাররা সেরাটা উজার করে দেয়। ধরমশালার আউটফিল্ড যতটা ভাল হওয়া উচিত ছিল, ততটা নয়। বিষয়টা নিয়ে চিন্তায় আছি।’
বাংলাদেশকে নিয়ে অবশ্য ততটা চিন্তিত নন ইংল্যান্ড অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে শেষ তিন ম্যাচে দুটিতে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই পরিসংখ্যান মাথায় রাখছেন না বাটলার। তিনি বলেন, ‘বাংলাদেশের কাছে হারলেও ওদের বিরুদ্ধে আমরা বেশ কয়েকটা ভাল ম্যাচ খেলেছি। আশা করছি ধরমশালায় ওদের হারিয়ে আমরা প্রথম জয় তুলে নেব। এই ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। তবে আমরা যে দলের বিরুদ্ধেই খেলি না কেন, যথেষ্ট সম্মান করি।’
❤ Support Us






