- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৪, ২০২৬
পঞ্চায়েতের প্রকল্পে টাকা পেতে এবার বাধ্যতামূলক ভোটার কার্ড ও বায়োমেট্রিক্স, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
পঞ্চায়েতের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে এবার থেকে আর আধার কার্ড নয়, পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে ভোটার কার্ড। পাশাপাশি সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের জন্য বায়োমেট্রিক্স ব্যবস্থাও চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী রাজীবরঞ্জন সিংহ ওরফে লল্লন সিংহ। ঘটনাচক্রে, গত শুক্রবারও একই বিষয়ে বক্তব্য রাখতে শোনা গিয়েছিল তাঁকে।
মন্ত্রী জানিয়েছেন, এতদিন আধার কার্ডের ভিত্তিতে যাঁরা পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতেন, আগামী দিনে সেই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। তাঁর কথায়, আধার কার্ডের ভিত্তিতে আর পঞ্চায়েতের প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। তার পরিবর্তে ভোটার কার্ড এবং বায়োমেট্রিক্স পরিচয় যাচাইয়ের প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে। খুব শীঘ্রই এই নতুন ব্যবস্থা কার্যকর করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে আধার কার্ড তৈরির সহজলভ্যতার কথাও উল্লেখ করেছেন মন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে প্রায় প্রতিটি এলাকাতেই আধার কার্ড তৈরির কেন্দ্র রয়েছে এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আধার তৈরি করা সম্ভব। তবে পঞ্চায়েতের প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধারকে আর পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, সরকারি প্রকল্পে স্বচ্ছতা আনতেই এই নতুন উদ্যোগ। অনেক ক্ষেত্রেই একই ব্যক্তির নাম একাধিকবার নথিভুক্ত হওয়ার অভিযোগ সামনে এসেছে। আবার কেউ কেউ ভুয়ো পরিচয় ব্যবহার করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারেন। ভোটার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক্স যাচাইয়ের ব্যবস্থা চালু হলে এই ধরনের অনিয়ম ও ভুয়ো উপভোক্তা চিহ্নিত করা আরও সহজ হবে বলে মনে করছে কেন্দ্র।
তবে মন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উল্লেখ্য, গত অগস্টে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছিল, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়ার অর্থ এই নয় যে তাঁর নাগরিকত্ব চলে গেল। একইভাবে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই তিনি সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার হারাবেন, এমনটাও নয়।
বর্তমানে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী দলগুলি। এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই পঞ্চায়েতের প্রকল্পে আধারের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করার কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
সব মিলিয়ে, পঞ্চায়েতের সরকারি প্রকল্পে উপভোক্তা যাচাইয়ের নিয়মে সম্ভাব্য এই পরিবর্তন কতটা স্বচ্ছতা আনবে এবং সাধারণ মানুষের উপর এর কী প্রভাব পড়বে, এখন সেটাই দেখার।
❤ Support Us







