Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১১, ২০২৩

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক আশাপ্রদ। খুলবে জট আশাবাদী চাকরি প্রার্থীরা।পরবর্তী বৈঠক ২২এ

আরম্ভ ওয়েব ডেস্ক
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক আশাপ্রদ। খুলবে জট আশাবাদী চাকরি প্রার্থীরা।পরবর্তী বৈঠক ২২এ

সোমবার বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে আনুমানিক দু’ঘণ্টা ধরে বৈঠক করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এদিনের বৈঠক যে চাকরিপ্রার্থীরা বেশ খুশি, তা বোঝা গেল তাঁদের কথাতেই। সকলেই জানালেন, সরকার পক্ষের কার্যকরী ভূমিকা দেখে তাঁরা আশাবাদী, জট কেটে দ্রুত নিয়োগ হবে বলে বৈঠকের পর চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা আশাপ্রকাশ করেছেন। পরবর্তী বৈঠক আগামী ২২ তারিখ।

সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন এসএলএসটি আন্দোলনকারীদের ৭ জন প্রতিনিধি। বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও ছিলেন শিক্ষাসচিব মণীশ জৈন, শিক্ষা দপ্তরের ল অফিসার, স্বাক্ষরতা মিশনের তরফে শুভ্র চক্রবর্তী, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ও এসএলএসটি আন্দোলনকারীদের বৈঠকের মধ্যস্থতাকারী  তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠকের পর আন্দোলনকারী মতিউর রহমান বলেন, ”দীর্ঘ ১৬ মাস পর আলোচনা হল। আমরা জানতে চেয়েছিলাম, নিয়োগে বাধা কোথায়? কিছুদিন আগে পর্যন্ত বিভিন্ন দপ্তরের মধ্যে একটা যোগাযোগের সমস্যা ছিল। আইনি জটিলতা কাটানোর চেষ্টা ছিল না। মুখ্যমন্ত্রী আইনি জটিলতা কাটিয়ে নিয়োগের ব্যবস্থা করতে বলছেন। ৫৫৭৮ জনকে নিয়োগের ব্যবস্থা হবে। সরকার কার্যকর ভূমিকা নিচ্ছে। আমরা আশাবাদী যে এই পথে চললে খুব দ্রুত নিয়োগ জট কেটে যাবে।”

চাকরি চেয়ে আন্দোলন করতে গিয়ে নিজের মাথার চুল কমিয়ে ফেলেছেন রাসমনি পাত্র। কুণাল ঘোষ আন্দোলনকারীদের মঞ্চে রাসমনি পাত্রকে দেখেই গিয়েছিলেন মানবিকতার কারণে বলে উল্লেখ করেছিলেন। সেই রাসমনি পাত্র বৈঠকের পর বলেন, ”প্রত্যেকেই কোথায় জট, কোথায় সমস্যা? সেটা জানতে পেরেছি। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত নিয়োগ হবে। আগামী ২২ তারিখ আমরা জানতে পারব কী ফল হল। আশা করছি, মাননীয়ার উদ্যোগে আমরা দ্রুত স্কুলে ফিরব। আমাদের জীবন বাঁচবে।”  চাকরিপ্রার্থী পলাশ মণ্ডল জানিয়েছেন, ”মুখ্যমন্ত্রীর নির্দেশে যত জটিলতা আছে সব কাটিয়ে ফেলার কথা বলা হয়েছে। আপ্রাণ চেষ্টা করছে সরকার। স্কুল সার্ভিস কমিশন আর শিক্ষা দপ্তরের উদ্যোগে এই জটিলতা কাটার সম্ভাবনা দেখতে পাচ্ছি।”

চাকরিপ্রার্থীদের প্রতিনিধি হয়ে বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। বৈঠক শেষে তিনি বলেন, ”মুখ্যমন্ত্রী চান, অভিষেক চান জটিলতা কাটুক। কিছু জটিল জায়গা রয়েছে। আইনের মাধ্যমে কাটাতে হবে। ওঁরা দাবি রাখছিলেন, সরকারের কিছু বাধ্যবাধকতা ছিল। আজকের বৈঠক ইতিবাচক, ফলপ্রসূ। আইনি জট কাটাতে সরকারের তরফে, এসএসসির তরফে যা যা ব্যবস্থা নেওয়ার কথা সেটা করতে বলা হয়েছে। আশা করা যায় জটিলতা কাটবে। কোথাও না কোথাও ভুল হয়েছিল। তার জন্য জটিলতা। অনেক ছেলেমেয়েকে ভুগতে হয়েছে। সমস্ত দিক সামলে সমাধানের পথ বার করা হচ্ছে।” তবে এই বিষয় নিয়ে কুণাল ঘোষের শ্লেষ, ”অনেকেই চায়, ধরনা মঞ্চ থাকুক। জট পাকানোর জন্য কিছু শকুনি বসে থাকে। আমরা চাইছি চাকরি হোক। সকলে চাকরি পাক।”

এপ্রসঙ্গে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী তাঁর প্রতিক্রিয়ায় বলছেন, এই ভাবে স্কুল শিক্ষক-শিক্ষিকার চাকরির দাবিতে যে সব যোগ্য প্রার্থীরা আন্দোলন করছেন তৃণমূল তাঁদের এর আগেও বিভ্রান্ত করেছে আবারও শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের নামে বিভ্রান্ত করল। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে শিক্ষক-শিক্ষিকার দাবিতে আন্দোলনরত যোগ্য চাকরি প্রার্থীদের কলকাতা প্রেস ক্লাবের সামনে গিয়ে দেখা করে আশ্বাস দিয়েছিলেন। কুণাল ঘোষ এর আগে এই চাকরীর চাকরির দাবিতে আন্দোলনকারীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করিয়ে বৈঠক করিয়েছিলেন। তার পরেও চাকরির দাবিতে শিক্ষক-শিক্ষিকার পদে চাকরি প্রার্থীরা ১০০২ দিন রাস্তায় বসে আন্দোলন করছেন। তবে আন্দোলনরত চাকরি প্রার্থীদের আশা আগামী ২২ তারিখের বৈঠকে সমস্যার জট খুলবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!