- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১১, ২০২৪
নিট পরীক্ষায় কারচুপির অভিযোগ। কেন্দ্র ও এনটিএর কাছে ব্যাখ্যা চাইল শীর্ষ আদালত।আবার হোক প্রবেশিকা, দাবি পরীক্ষার্থীদের
সারা দেশ জুড়ে এখন বিতর্কের অন্য নাম ‘নিট পরীক্ষা।’ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ গত ৪ জুন,২০২৪ সালে সন্ধ্যায় সর্বভারতীয় স্তরের পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট-এর ফলাফল প্রকাশ করেছে। রেজাল্ট প্রকাশের পরই দেখা যায় ৬৭জন প্রথম স্থান অর্জন করেছেন, যার মধ্যে হরিয়ানার একই পরীক্ষা কেন্দ্রের ৬ জন রয়েছেন। তাঁদের প্রত্যেকেরই মার্কস ৯৯.৯৯ শতাংশ । ফলে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সমাজমাধ্যমে মেডিক্যাল পরীক্ষার্থীরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ।অভিযোগের তীর এন টি এ-র দিকে।ছাত্রছাত্রীদের তরফে প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ দায়ের করা হয়।তবে এজেন্সির এক আধিকারিক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ‘পরীক্ষায় কোনও কারচুপি হয়নি।’ এই মর্মে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে এনটিএ।সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালত তার নির্দেশে কেন্দ্র ও এন টি এ-কে ওই ৬৭ জনের ফুল মার্কস পাওয়ার বিষয়ে জবাবদিহি করতে বলেছে ।
সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও এ আমানুল্লাহের বেঞ্চ জানিয়েছে যে, এই পরীক্ষা গ্রহণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তর দিক পরীক্ষা পরিচালনাকারী সংস্থা। যদিও, পরীক্ষার্থীদের কাউন্সেলিং-এর ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। ফলে নির্দিষ্ট সময়েই কাউন্সেলিং করা যাবে। পরীক্ষার্থীদের তরফে কৌঁসুলি ম্যাথুউজ জে নেদুমপারা কাউন্সেলিং স্থগিত রাখার আবেদন জানালেও, তা গ্রাহ্য করেনি আদালত।
গরমের ছুটির পর আদালত চালু হবার পর দ্রুত এই মামলার পরবর্তী শুনানি স্থির করবে আদালত। উত্তর দিতে বিলম্ব হলে আদালত কাউন্সেলিং প্রক্রিয়াও স্থগিত করে দিতে পারে। যদিও ছাত্রছাত্রীদের তরফে নতুন করে এই পরীক্ষা গ্রহণের দাবি তোলা হয়েছে।
❤ Support Us





