- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৮, ২০২৪
অবশেষে বনকর্মীদের ফাঁদে পা, বাঘবন্দী খেলায় পরাজিত জিনাত
জিনাত কোথায় ? প্রশ্নে ঘুম কেড়েছিল বাংলার বনদফতরের । ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প হয়ে প্রথমে সে ঝাড়খণ্ডে ঢোকে । তারপর বনদফতরের আশঙ্কা সত্যি করে ঝাড়গ্রামের জঙ্গল ধরে ঢুকে পড়ে বাংলায় ।
জেলাসফরের মেজাজে ঝাড়গ্রাম, পুরুলিয়া পেরিয়ে এই মুহূর্তে বাঁকুড়ার জঙ্গলে ঘোরাঘুরি করছে বাঘিনি । গত রবিবার বান্দোয়ানে ঢোকে সে । তাকে জালে ধরতে রীতিমত যুদ্ধের মেজাজে বনকর্মীরা । স্থানীয় প্রশাসন সূত্রের খবর শনিবার সকালে কুমারী নদী পেরিয়ে কাঁসাইয়ের পথ ধরেছে জিনাত । পুরুলিয়ার মানবাজার পেরিয়ে বাঁকুড়ার মুকুটমণিপুরে জলাধারের কাছে পৌঁছায় সে । শীতের মরশুমে পর্যটকদের ভিড় সেখানে, তাই বাঘিনির বেয়াড়া সফর উদ্বেগ বাড়িয়েছে বনকর্মীদের । ছুটির মেজাজে পিকনিক করতে আসা পর্যটকটের মধ্যে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে । মুকুটমণিপুর জলাধারের কাছেই গোপালপুড় জঙ্গলে আপাতত ডেরা বানিয়েছে জিনাত । বনদফতরও চেষ্টা চালাচ্ছেন যাতে বাঘিনি কোনোভাবেই জলাধারে প্রবেশ না করতে পারে।
বৃহস্পতিবার থেকে জিনাতকে বাগে আনতে নিরলস অভিযান চালাচ্ছেন বনকর্মীরা । মানবাজারে তাদের টোপকে ফাঁকি দিয়ে সেখান থেকে চম্পট দেয় বাঘিনি । এরপর আর কোনো জঙ্গলেই বেশিক্ষণ থাকছে না জিনাত । তার গলায় আছে রেডিও কলার ডিভাইস, যা দিয়েই বাঘিনির অবস্থান ট্র্যাক করছে বনকর্মীরা । টোপ হিসাবে ২ টি মোষ রাখা হয়েছে । জড়ো করা হয়েছে বেশ কয়েকটা খাঁচা । এখন প্রশ্ন, বিপুল এই আয়োজনে কি ফাঁদে পা দেবে জিনাত ? না কি কুমারী নদী পেরিয়ে ঢুকে যাবে রানিবাঁধ ও ঝিলমিলির গভীর জঙ্গলে । সেখান থেকে বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় ও ময়ূরঝর্ণার বিস্তীর্ণ জঙ্গলে ঢুকে যাবে সে ! শেষ পাওয়া খবর অনুযায়ী জালে ধরা পরেছে বাঘিনি । ছোঁড়া হয়েছে ঘুম পাড়ানি গুলিও, তবে তাতে জিনাত ঘায়েল হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় ।
কংসাবতী দক্ষিণের ডিএফও পূরবী মাহাতো জানিয়েছেন , “একসময় বনাঞ্চল খালি হয়ে যাচ্ছিল । বন দফতরের তরফে রাজ্যে জঙ্গলবৃদ্ধির ওপর জোর দেওয়া হয় । জঙ্গলমহলে এখন শাল, অর্জুনের ঘন জঙ্গল আবার বাড়তে শুরু করেছে। আর জঙ্গলের ঘনত্ব বাড়লে সেখানে বাঘের উপস্থিতি খুব স্বাভাবিক ঘটনা।”
বন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত দশ বছরে এ রাজ্যে একাধিকবার বাঘ ঢুকেছে । তাই জিনাতের এই আগমনের ঘটনায় ‘অস্বাভাবিক’ কিছু দেখছেন না তারা । বরং তাদের আশা সাড়ে তিন দশক আগে যেভাবে এ রাজ্যে হাতির দল ঢুকতে শুরু করেছিল, একইভাবে আগামীদিনে বাংলার বনাঞ্চলে বাঘের করিডর গড়ে উঠবে ।
পুরুলিয়া,বাঁকুড়া, ঝাড়গ্রামের একে অন্যের সঙ্গে লাগোয়া ঘন জঙ্গল ও ছোট ছোট জলাশয় বাঘেদের থাকবার জন্য আদর্শ জায়গা । এখানকার জঙ্গলে বুনো শুয়োর, হরিণ, খরগোশের দেখা মেলে। ফলে এমন আরামদায়ক জায়গা ছেড়ে জিনাতকে ওড়িশা ফেরানোটা রীতিমত চ্যালেঞ্জ । প্রসঙ্গত ফরেস্ট সার্ভের রিপোর্ট অনুযায়ী ১০ বছরে রাজ্যে শতকরা .৭ ভাগ জঙ্গল বৃদ্ধি পেয়েছে, সে কারণে ভিন্ন রাজ্য থেকে জন্তুরা ঢুকে পড়ছে বাংলার জঙ্গলে । যেমন ঝাড়খন্ড থেকে হাতির দলের নিয়মিত আনাগোনা চলে । ওনো কোনো দল পাকাপাকিভাবেই থেকে যায় এখানে । জিনাত প্রথম নয় এর আগেও একাধিকবার পুরুলিয়া, বাঁকুরায় বাঘ এসেছে সফরে। ২০২২ সালে আরামবাগে ঢুকে পড়েছিল একটি বাঘ । আগামীদিনে সুন্দরবনের মতো এই বিস্তীর্ণ অঞ্চলকেও সংরক্ষিত করতে হবে কি না সেই প্রশ্নই ভাবাচ্ছে বনদফতরের কর্তাদের।
❤ Support Us







