- দে । শ
- জানুয়ারি ৯, ২০২৫
কাটোয়ার মন্দিরে চুরি, নাদনঘাটের সোনার দোকান থেকে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট
রাতের অন্ধকারে সোনার দোকানের গ্রিল, গেট ও সাটার কেটে সোনা, রুপো-সহ নগদ টাকা চুরির ঘটনা নাদনঘাটের নওয়াপাড়ায়। দোকানের সিসি ক্যামেরার হার্ড ডিস্কটাও খুলে নিয়ে পালিয়েছে চোরের দল। দোকানের মালিক মণিরুল হকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
বুধবার রাতে কাটোয়ার অগ্রদ্বীপের কুলগাছি চক এলাকার লাঙ্গলেশ্বরী কালী মন্দিরের পিছনের দরজা ভেঙে ঢুকে প্রতিমার রুপোর মুকুট, ৩টি সোনার টিপ, সোনার দুল-সহ প্রায় ১ লাখ টাকার অলঙ্কার চুরির ঘটনা ঘটেছে। মাসখানেক আগে অগ্রদ্বীপেরই একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। তার কিনারাও করেছে পুলিশ। নাদনঘাটের সোনার দোকানের মালিক শেখ মণিরুল হকের দাবি, ‘চোরেরা প্রায় ৪০ ভরি সোনা, ২ কেজি রুপো ও নগদ ৫ লক্ষ টাকা চুরি করেছে।’
অন্যদিকে কাটোয়ার পুইনি গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনায় ধৃত ৩ অভিযুক্ত উত্তম দাস ওরফে কটা, আমজাদ আলি শেখ ওরফে লম্বু ও হীরামোহন মল্লিককে নিয়ে ঘটনার পুনর্নিমাণ করল পুলিশ। ২৭ ডিসেম্বর রাতে নিবাস দাসের বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের কপালে আগ্নেয়াস্ত্র ও ভোজালি ধরে সর্বস্ব লুট করে নিয়ে যায় ১১ সদস্যের ডাকাত দলটি। খোয়া যায় ৭ ভরি সোনা ও ২৫ ভরি রুপোর গহনা, নগদ প্রায় ৫০ হাজার টাকা। পুলিশ ঘটনার পুনর্নিমাণের পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
❤ Support Us




