- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ৯, ২০২৫
রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ‘মনের কথা’ শুনবেন মুখ্যমন্ত্রী।ফেব্রুয়ারিতে আলিপুরের ধনধান্য বৈঠক
২৪ ফেব্রুয়ারি আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে রাজ্যের চিকিৎসকদের মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানানো হল। আর জি করের ঘটনায় আন্দলনকারী জুনিয়র ডাক্তারদেরও ডাকা হলো।
বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন জানালেন ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত , ডাক্তার যোগীরাজ রায়। তাঁরা জানিয়েছেন, আরজিকরের ঘটনার পর চিকিৎসকদের একাংশের মনে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা মুছে দিতে তৎপর খোদ মুখ্যমন্ত্রী। তিনি সমস্ত ডাক্তারের মনের কথা শুনবেন। চিকিৎসার অপর নাম সেবা’ নামের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, জুনিয়র চিকিৎসক, পড়ুয়াকে। জেলা হাসপাতাল ও ব্লক হাসপাতালগুলির চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন।
আরজি করের নৃশংস ঘটনার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের বৈঠক নিয়ে কম জলঘোলা হয়নি। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে কালিঘাটে নিজের বাড়িতে একান্তে বৈঠক নিয়ে প্রশ্ন উঠেছিল। ডাক্তারেরা দাবি করেছিলেন ‘লাইভ স্ট্রিমের।’ পরে সে দাবি মেনে একাধিক বৈঠক হয়। কিন্তু তাতে আন্দোলন প্রত্যাহার করেন নি আন্দোলনকারী চিকিৎসকরা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আদেশে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন। যদিও আদালতে আর জি করের মামলা এখনো চলছে, আন্দোলনের আবহ কিছুটা স্তিমিত হলেও একেবারে নিভে যায়নি।
আন্দোলনকারী ডাক্তারদের মুখে এখনো রাজ্য সরকারের প্রতি অসন্তোষের কথা শোনা যায়। এরকম অবস্থায়, আর জি কর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ দেবাশিস হালদার, অনিকেত মাহাতোরা কি যাবেন এই অনুষ্ঠানে ? চিকিৎসক সৌরভ দত্ত অবশ্য বলেছেন, ‘আমরা চাই দুতরফের ওই দ্বন্দ্বের নিরসন ঘটুক মুখোমুখি অনুষ্ঠানে।’
❤ Support Us




