- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৩, ২০২৫
আবার অশান্ত মণিপুর। জওয়ানদের অস্থায়ী শিবিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ জনতার
আবার অশান্ত মণিপুর। এবার নিশানায় অসম রাইফেলস। কামজং জেলায় অসম রাইফেলসের অস্থায়ী শিবিরে ভাঙচুরের পর অগ্নিসংয়োগ করেছে উত্তেজিত জনতা। স্থানীয় জনতার অভিযোগ, অহেতুক তাদের হেনস্থা করছিল অসম রাইফেলসের জওয়ানরা।
হংবেং–এ নাগা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় বাড়ি তৈরির জন্য কাঠ কেটে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। কাঠ কেটে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় কাঠবোঝাই গাড়িটি আটকে দেয় অসম রাইফেলসের জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের হেনস্থা করে। এরপরই সাধারণ মানুষজন অসন্তুষ্ট হয়ে ওঠে। ক্ষোভ আছড়ে পড়ে অসম জওয়ানদের ওপর। এরপর জনতা জওয়ানদের অস্থায়ী ছাইনিতে ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয়।
উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে আসাম রাইফেলসের জওয়ানরা কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে এবং শূন্যে গুলি চালায়। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার কামজং জেলার পুলিশ সুপার এবং ডেপুটি কমিশনার ছাড়াও তাংখুল নাগা সুশীল সমাজ গোষ্ঠী ও আসাম রাইফেলসের প্রতিনিধি বৈঠকে বসেন। সেই বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত, কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হংবেইতে একটি অস্থায়ী শিবির তৈরি করেছিল অসম রাইফেলসের জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের হয়রানি করছিল আধাসামরিক বাহিনী। চলাচলের ওপরও নানা বিধিনিষেধ আরোপ করেছিল। অসম রাইফেলস হয়রানি ও বিধিনিষেধের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘১১ জানুয়ারি আসাম রাইফেলসের কর্মীরা হংবেই-এ পোস্টের দায়িত্ব পালন করার সময় যানবাহন পরিদর্শন করেছিল। সেই সময় বুঝতে পারে কাঠ ভর্তি গাড়িটির নথিপত্র নেই। জওয়ানরা গাড়ি থামিয়ে দেয়।’ আধাসামরিক বাহিনীর অভিযোগ, স্থানীয় জনগণ আসাম রাইফেলসের কর্মীদের গাড়িটি ছেড়ে দিতে বাধ্য করতে প্ররোচিত করেছিল। এরপর তারা উত্তেজিত হয়ে ওঠে ও শিবিরে ভাঙচুর চালায়। তারপরই জওয়ানরা কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে।
❤ Support Us







