- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২১, ২০২৫
আরজিকরের ঘটনায় সঞ্জয় রায়ের মৃত্যুদন্ড চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের
সঞ্জয় রায়ের মৃত্যুদন্ড চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত । সেই আবেদনের ভিত্তিতেই এবার মামলা দায়েরের অনুমতি দেওয়া হলো ।
সোমবার শেয়ালদা আদালতে আরজিকর হাসপাতলে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং হত্যায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসে দন্ডিত করেন বিচারক। মামলার রায় ঘোষণার সময় বিচারক অনির্বাণ দাস বলেন, সিআইডির করা দাবি অনুযায়ী কর্তব্যরত একজন চিকিৎসকের হত্যাকে একটি বিরল থেকে বিরলতম ঘটনা নয় । এরপরই এই ঘটনায় একমাত্র দোষী হিসেবে চিহ্নিত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাস এবং আর্থিক জরিমানার সাজা দেন । সেই রায় নিয়েই প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ আদালতের রায় দেখে আমি স্তম্ভিত । এই ঘটনাকে বিরলতম বলে মনে করা হচ্ছে না । আমি মনে করি, এটি অবশ্যই বিরলের মধ্যে বিরলতম ঘটনা, সেখানে মৃত্যুদণ্ডের প্রয়োজন ছিল । কীভাবে এই ঘটনাকে বিরলতম নয় বলে ঠিক করা হল ? আমরা মৃত্যুদন্ডের সাজা চাইছি এই ধরনের ঘৃণ্য অপরাধের জন্য ।’
আরজিকর মামলার রায় ঘোষণার পর, জেলাসফররত মুখ্যমন্ত্রী বলেন, গত ৩-৪ মাসে রাজ্যে এই ধরনের ঘটা অপরাধের তদন্ত করেছে রাজ্যের পুলিশ । দোষীদের ফাঁসির সাজা হয়েছে । এক্ষেত্রেও সঞ্জয় রায়ের মৃত্যুদন্ড চেয়ে হাইকোর্টে যাওয়ার কথা বলেছিলেন তিনি । এবার সেই অনুযায়ী হাইকোর্টে মামলা নথিভূক্ত করার প্রস্তুতি শুরু করলো রাজ্য ।
❤ Support Us




