- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ২৩, ২০২৫
টর্নেডোর ইন্ধনে বাড়ছে দাবানলের শক্তি ! লস অ্যাঞ্জেলেসের ৫০ হাজার বাসিন্দাকে ঘর ছাড়ার নির্দেশ
নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে উত্তর লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ অঞ্চলে। প্রবল হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে বিধ্বংসী আগুন। এর জেরে প্রায় ৫০ হাজার মানুষকে ঘর ছেড়ে অন্যত্র যাবার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ২২ জানুয়ারির রাতে নতুন করে ছড়িয়ে পড়া দাবানলে আতঙ্কিত এলাকাবাসী। পালিসেডেস এবং ইয়াটনের পর এ বার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক লেক-সংলগ্ন এলাকা। মোতায়েন করা হয়েছে দমকল, পুলিশ ও বায়ুসেনার কর্মীদের।
লস অ্যাঞ্জেলেসের উত্তরে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সান্টা ক্লারিটা শহরের কাছে কাস্টাইক হ্রদ। হ্রদের চারপাশে বসবাস কয়েন কয়েক হাজার মানুষ। খবর পাওয়া যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যেই প্রায় ৮ হাজার একরের বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়েছে। হাওয়ার তীব্র গতির ফলে আরো অংশে আগুন ছড়িয়ে পড়বার আশঙ্কা। অনুকূল পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। স্থানীয় প্রশাসন এলাকার মানুষদের সতর্ক করে জানিয়েছে যে কোনো মুহূর্তে তাঁদের ঘর ছাড়তে হতে পারে। মুল্যমান সামগ্রী, খাবার, ওষুধ ইত্যাদি গুছিয়ে রাখবার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন বছরের শুরুতেই ভয়বহ দাবানলে ছারখার হয়ে গেছিল মার্কিন মুলুকের অন্যতম শহর লস অ্যাঞ্জেলেস। প্যালিসেডন, ইটন সহ একাধিক এলাকায় ধ্বংসলীলা চালিয়েছে ভয়বাহ দাবানল। এক লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। মারা গেছেন অন্তত ২৫ জন। বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার আবার নতুন করে আগুন ছড়িয়ে পড়লে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আতঙ্কিত বাসিন্দারা জানাচ্ছেন, ‘আমাদের সরে যেতে বলা হয়েছে। একটাই প্রার্থনা করছি আমাদের বাড়ি যেন পুড়ে না যায়।’ এই আগুনে নতুন করে প্রাণহানি যাতে না ঘটে তা দেখতে প্রশাসনের তরফে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস প্রদেশের শেরিফ অফিসের সহযোগী রবার্ট জেনসেন জানিয়েছেন, ক্যাস্টাইক হ্রদ সংলগ্ন আগুনের নাম দেওয়া হয়েছে ‘হাজেস ফায়ার।’ বাসিন্দাদের ঘর ছাড়বার নির্দেশ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘প্যালিসেডস এবং ইয়েটনে অনেকেই প্রশাসনের নির্দেশ মানেন নি। যার ফলে প্রাণহানি বেড়েছিল। এখানেও যাতে সেই ঘটনার পুনরাবৃত্তিনা হয়, সে জন্য সকলকে অনুরোধ করছি নিরাপদ স্থানে সরে যেতে।’
অন্যদিকে ওয়েস্ট কোস্ট এলাকায় মূল সড়কের একটি অংশ বন্ধ হয়ে গেছে দাবানলে। ফলে ব্যপক যানজটের মুখে পড়েছে পথযাত্রীরা। ক্যাস্টাইক পিচেসে রয়েছে বড় একটি জেলখানা, সেখান থেকেও ৪ হাজার ৬০০ জন বন্দিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে জেল কর্তৃপক্ষ সূত্রে খবর। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস প্রদেশের দমকলবাহিনীর প্রধান অ্যান্থনি ম্যারোন বলেছেন, “পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। প্রবল হাওয়া ও শুষ্ক আবহাওয়ার জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনা এখনও কঠিন, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।”
আমেরিকার ইতিহাসে হয়তো এটিই সবচেয়ে বিধ্বংসী দাবানল। জানুয়ারি মাসে ক্যালিফোর্নিয়ার ওই এলাকায় বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু এ বছর বেশ কয়েকমাস ধরে বৃষ্টি না হওয়ায় শুষ্ক হয়েছে ওই এলাকা। তার মধ্যে ঝোড়ো হাওয়া এই দাবানলের ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। প্রথম দফার আগুনে আনুমানিক ১৩৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হবার অনুমান করা হচ্ছে। কাস্টাইকে নতুন করে ছড়িয়ে পড়া আগুনে আর্থিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বাড়তে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী প্রেসিডেন্টের দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন তিনি। নতুন করে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে তিনি কী ভূমিকা রাখেন, স্থানীয় মানুষেরা সেদিকেই তাকিয়ে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, “এলাকার প্রায় ৩১ হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরো ২৩ হাজার জনকে সতর্ক থাকতে বলা হয়েছে।” তিনি আরো জানান, স্থানীয় একটি কারাগারের প্রায় ৫০০ বন্দীকে সরিয়ে নেওয়া হচ্ছে।
❤ Support Us







