- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৫, ২০২৫
জীবন বাজি রেখে বাসযাত্রীদের উদ্ধার, সংবর্ধিত খুদে পড়ুয়া-সহ ১১
জীবন বাজি রেখে দুর্ঘটনার কবলে পড়া বাসযাত্রীদের উদ্ধার। ১১ উদ্ধারকারীকে সংবর্ধিত করল দেওয়ানদিঘি থানার পুলিশ। গত মঙ্গলবার বর্ধমানের ভাণ্ডারডিহিতে বর্ধমান—বামুনপাড়া রুটের একটি যাত্রীবোঝাই বাস উল্টে ২০ জন যাত্রী কমবেশি জখম হয়। খবর পেয়েই দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগান সংশ্লিষ্ট ভাণ্ডারডিহি ও লাগোয়া এলাকার ১১জন বাসিন্দা। পরে পুলিশও উদ্ধারের কাজে সাহায্য করে ও আহতদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে এলাকার বাসিন্দারা যেভাবে উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন, তা ‘যথেষ্ট প্রশংসনীয়’ বলে মনে করছে পুলিশ। এটাকে ‘নজিরবিহীন ঘটনা’ আখ্যা দিলেন দেওয়ানদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন দাস। তিনি জানান, ‘অত্যন্ত দ্রুততার সঙ্গে এলাকার মানুষ যদি ছুটে না আসতেন, উদ্ধারের কাজে হাত না লাগাতেন, তাহলে হয়ত কয়েকটা জীবন হয়ত অকালে চলে যেত।’ আরও বলেন, ‘মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এই মানসিকতাকেই সম্মান জানালাম। আশা রাখি, ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা পাব।’
জানা গেল, মন্তেশ্বরের মামুদপুরের বাসিন্দা নবমের ছাত্র শুভ মাঝি স্থানীয় ছোটবেলুন গ্রামে মামার বাড়িতে এসেছিল। দুর্ঘটনাস্থলের কাছেই ছিল। বাস উল্টে যেতে দেখে সবার সঙ্গে ছুটে যায়। জানলা থেকে মুখ বেরনো একটা বাচ্চাকে বের করে নিয়ে আসে। এদিন তাকেও সম্বর্ধিত করা হয়। রাস্তা লাগোয়া মাঠে একটা পে-লোডার কাজ করছিল। তার চালকও বাসটিকে উল্টোতে দেখামাত্রই বাসের কাছে পৌঁছে পে-লোডার দিয়ে বাসটাকে সোজা করে দেন। আহতদের মধ্যে ৩ জন এখনও চিকিৎসাধীন। বাকি সবাইকেই চিকিৎসায় সুস্থ করে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, বর্ধমান থেকে মন্তেশ্বরের কুসুমগ্রামগামী ‘মা গজকালী’ নামে যাত্রীবোঝাই বেসরকারি বাসটি দেরি করে ছাড়ে। ফলে বেপরোয়া গতিতে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সৌম্য দাস নামে এক জখম যাত্রী বলছিলেন, ‘যাত্রী তোলার জন্য বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় দীর্ঘক্ষণ ধরে দাঁড়াতে দাঁড়াতে প্রচুর লেট করে। তা পূরণের জন্য প্রচণ্ড গতিতে বাসটি চালাচ্ছিল। বারণ করা সত্ত্বেও যাত্রীদের নিষেধ কানে তোলেনি চালক।’ পুলিশ বাসটিকে আটক করেছে। বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়েছিল, তদন্ত করে দেখছে।
❤ Support Us







