- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৩০, ২০২৫
১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন স্টিভ স্মিথ
ভারতের বিরুদ্ধে বর্ডার–গাভাসকার ট্রফিতেই মাইলফলকটা ছোঁয়ার সুযোগ ছিল। কিন্তু ১ রানের জন্য হয়নি। অবশেষে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টেই মাইলস্টোনে পৌঁছে গেলেন স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের ক্লাবের সদস্য হয়ে গেলেন অস্ট্রেলিয়ান এই মিডল অর্ডার ব্যাটার।
মাইলস্টোনে পৌঁছনোর স্বপ্ন নিয়েই ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে খেলতে নেমেছিলেন স্মিথ। সিডনি টেস্টে মাঠে নামার আগে ১০ হাজার থেকে ৩৮ রান দূরে ছিলেন। প্রথম ইনিংসে ৩৩ করে আউট হন স্মিথ। দ্বিতীয় ইনিংসে করেন ৪। ৯৯৯৯ রানে পৌঁছানোর পর আউট হন। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৯৯৯৯ রানের মাথায় আউট হয়েছিলেন স্মিথ। অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে পৌঁছে গেলেন মাইলস্টোনে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ হাজার মাইলস্টোনে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আরও একটা নজির গড়েছেন স্মিথ। অধিনায়ক হিসেবেই ১০ হাজার রানের মাইলফলক উদযাপন করলেন। কারণ, এই সিরিজে প্যাট কামিন্স চোটের জন্য নিজেকে সরিয়ে নেওয়ায় স্মিথ দলকে নেতৃত্ব দিচ্ছেন। স্মিথের আগে অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, স্টিভ ওয়া ও রিকি পন্টিং ১০ হাজার মাইলস্টোনে পৌঁছনোর ম্যাচে দলের অধিনায়ক ছিলেন।
স্টিব স্মিথ ও উসমান খোয়াজার দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩৩০ রান তুলেছে। ৪০ বলে ৫৭ রান করে আউট হয়েছেন ট্রাভিস হেড। ৫০ বলে ২০ রান করেন মার্নাস লাবুশেন। ২১০ বলে ১৪৭ রান করে ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা। ১৮৮ বলে ১০৪ রান করে ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ।
❤ Support Us







