- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১২, ২০২৫
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ১৬ জন চিকিৎসকের বেতন বন্ধ করল রাজ্য
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বরখাস্ত করেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। চিকিৎসার গালিফতির কথা সামনে আসতেই রাজ্যের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিজের দায়িত্ব ঠিক ভাবে পালন করবার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কাজে ফাঁকি দিলে শাস্তির মুখোমুখি হতে হবে, বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন। রাজ্য সরকারের তরফে একের পর এক পদক্ষেপের মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ১৬ জন চিকিৎসকের বেতন বন্ধ হওয়ার ঘটনা উত্তেজনা সৃষ্টি করেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট দায়িত্ব পালন না করার জন্যই তাদের বেতন বন্ধ করা হয়েছে। সূত্রের দাবি, শো-কজের জবাব না দেওয়ায় এবার তাঁদের বেতন করার নির্দেশ পৌঁছেছে স্বাস্থ্য ভবন থেকে। এমনকি, বেতন বন্ধ করার পরে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনও নির্দিষ্ট জবাব মেলেনি। হাসপাতালে অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা এই বিষয়টি স্বীকার করেছেন।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা ২টি দল তৈরি করেছেন। প্রতিটি দল ২ দিন করে ডিউটি করে। বাকি সময় কলকাতায় প্রাইভেট প্র্যাকটিস করেন। অর্থোপেডিক, সার্জারি, নেফ্রোলজি, প্রসূতি, চক্ষু বিভাগের অধ্যাপক চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযোগ করেছে কর্তৃপক্ষ। অনিয়মিত হাজিরার কারণে ১৬ জন সিনিয়র চিকিৎসকের জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। বিষয়টি স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ। চিকিৎসকদের গড়হাজিরার কারণে মেডিকেলের চিকিৎসা-ব্যবস্থা অনেকটাই ডাক্তারি পড়ুয়া নির্ভর হয়ে যাচ্ছে। আরজি কর কাণ্ডের পর এখানকার বেশ কিছু চিকিৎসক কাজে ফাঁকি দিয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে আন্দোলনের নামে মিটিং, মিছিল করছেন। অভিযোগ, তাঁদের কেউই নিয়ম মেনে ছুটি নেন না। আর এখানে ডাক্তারি পড়ুয়াদের পঠনপাঠন হচ্ছে না, হাসপাতালে রোগী চিকিৎসাও ভেঙে পড়ছে। যার দায় স্বাস্থ্য দপ্তরকে নিতে হচ্ছে। বর্তমানে অধ্যাপক চিকিৎসকদের বায়োমেট্রিক মেশিনে উপস্থিতি দিতে হয়। পাশাপাশি অধ্যক্ষের অফিসের রেজিস্ট্রারেও সই করতে হয়। পে স্লিপ তৈরির আগে দুটি জায়গার উপস্থিতির সংখ্যা মিলিয়ে দেখে তবেই বেতন দেওয়ার নিয়ম। কিন্তু বেশিরভাগ অধ্যাপক চিকিৎসক সেসবের তোয়াক্কা করেন না বলে অভিযোগ।
সরকারের পদক্ষেপ নিয়ে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, এটা সত্যি যে কয়েকজন চিকিৎসক রয়েছেন যারা শিলিগুড়িতে থাকেনই না। কিন্তু তাঁদেরদের বিরুদ্ধে পদক্ষেপ করার নামে প্রতিবাদী চিকিৎসকদের হেনস্থা করছে সরকার। এই সরকারের বিরুদ্ধে মুখ খুললেই প্রতিহিংসার মুখে পড়তে হবে। তা তিনি চিকিৎসকই হোন না কেন।
যদিও চিকিৎসকদের একাংশের পাল্টা অভিযোগ, আরজি কর কাণ্ডের প্রতিবাদে তাঁরা একযোগে আন্দোলনে নেমেছিলেন। বিচারের দাবিতে ধরনা ও অনশনে বসেছিলেন। এমনকি, অনেক চিকিৎসক শিলিগুড়ি থেকে কলকাতা এসে আন্দোলনে যোগ দেন। প্রতিবাদী চিকিৎসকদের অভিযোগ, তাদের বেতন বন্ধ করা হয়েছে কারণ তারা আন্দোলনে অংশ নিয়েছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন। রাজ্য সরকারের এই পদক্ষেপ এবং উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিৎসকদের প্রতিবাদ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাজনৈতিক এবং স্বাস্থ্য ব্যবস্থায় এই নতুন ঘটনা আরো একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকদের একাংশ অবশ্য রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের যুক্তি, এক একজন অধ্যাপক চিকিৎসক দেড় লক্ষ থেকে আড়াই-তিন লক্ষ টাকা বেতন পান। তারপরও তাঁরা কেন নিয়মিত কর্মস্থলে আসবেন না? শুধু এই ১৬ জনই নয়, আরও এমন প্রচুর অধ্যাপক চিকিৎসক নিয়মিত আসছেন না। প্রতিটি বিভাগে কঠোরভাবে নজরদারি চালিয়ে বাকি ফাঁকিবাজ চিকিৎসকদের বিরুদ্ধেও বেতন বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে।
❤ Support Us







