- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এবার রোমান হরফে সহজপাঠ ! বাণিজ্যিক আয়োজনে ঘিরে উষ্মা বিদগ্ধজনের
কবি শামসুর রহমান লিখেছিলেন ‘বর্ণমালা, আমার দুঃখিনি বর্ণমালা’। বাংলা ভাষার অক্ষর শুধু অক্ষর নয়, বরং বাঙালির অস্তিত্বের পতাকা। ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন ভাষাশহীদেরা। তবু আজকের বাংলায়, প্রাণের সেই উচ্চারণই ব্রাত্য। বাংলিশ ভাষায় কথা বলতেই শোনা যায় নতুন প্রজন্মের অধিকাংশ ‘বাঙালি’কে। এবার মাতৃভাষার শিকড়ের সাথে পরিচয়ের অন্যতম মাধ্যম ‘সহজপাঠ’ -এর রোমান সংস্করণ, নতুন করে ছড়িয়ে দিয়েছে বিতর্ক।
আদো আদো কণ্ঠে, নিবিড় সুরে ছেলেমেয়ারা পড়ছে ‘ছোট খোকা বলে অ-আ/শেখে নি সে কথা কওয়া’ — এ দৃশ্য পল্লিবাংলার চিরন্তন এক দৃশ্য। আমাদের স্মৃতিতে বৃষ্টিভেজা সোঁদা গন্ধের মতো গাঁথা এই স্মৃতি, শৈশবের ছন্দ। রবীন্দ্রনাথের ভাষা, বর্ণ, ছন্দের সাথে নন্দলাল বসুর অলংকরন মিশে তৈরি করে বাঙালির চিরকালীন অনন্য পাঠ। কল্পনার ডানায় দূরে আরো দূরে উড়াল দেয় শিশুমন, জোনাকি হতে তাঁর তখন আর বাধা নেই কোথাও। শিশুমনের চেতনার বিকাশে, প্রকৃতির সৌন্দর্যময় সখ্যতায়, ছন্দমিলের যোজনায় সে এক অন্যভুবন। নবসাক্ষর পড়ুয়া যখন এ ছড়া পাঠ করবে তখন তার স্পন্দতান গভীরভাবে অনুরণিত হবে শিশু হৃদয়ে। দুটি হাঁস কিংবা দুটি কুকুরের পরস্পর খুনসুটির ছবি সাথে সাথে হ্রস্বইকার, দীর্ঘঈকার, হ্রস্বউকার, দীর্ঘউকারের ছবি, কৃত্রিমতাকে এড়িয়ে জীবজন্তুর মাধ্যমে ফুটে উঠেছে ‘বর্ণপরিচয়’। বর্ষণমুখর দিনের মেঘমন্দ্রিত চালচিত্র নির্মিত হয়েছে ছাতার নিচে আশ্রয়রত দুই শিশুর মধ্যে দিয়ে–’ঘন মেঘ বলে ঋ/দিন বড়ো বিশ্রী’। ঘন মেঘের আস্ফালনে ঋ কার এর প্রয়োগ কল্পনার মিশেলে ঘটেছে। মিল অনয়ণের জন্য রবীন্দ্রনাথ একক বর্ণের তালিকায় ‘ক্ষ’-কে রেখেছেন। ভেতো বাঙালির পাকশালকেও সহজ পাঠে তুলে এনেছেন রবীন্দ্রনাথ।’ ডাক পাড়ে ও ঔ/ভাত আনো বড় বৌ।”গৃহস্থ সংসারে বেলা বাড়লে ভাতের জন্য মানুষের ক্ষৎকাতরতাকে এইভাবে দেখিয়েছেন কবি।সহজপাঠের প্রথম ভাগের প্রথম পাঠে কবি বলেছেন-“বনে থাকে বাঘ/গাছে থাকে পাখি/জলে মাছ থাকে মাছ”–পরিবেশ ভাবনা সজ্ঞাত জীবকূলের বাস্তুতান্ত্রিক অবস্থান ফুটে ওঠেছে লেখার মধ্যে। ঝলমলে স্বচ্ছ দিঘিজল,কাকেদের কলরব,খুদিরামের জাম পাড়া প্রভৃতি একাধিক অনুষঙ্গ নষ্টালজিক করে তোলে শিশুদের। শাল গায়ে শীতের সকালে রামের হাতে ফুলের ডালি, কিংবা ‘ছায়ার ঘোমটা মুখে টানি’ – পল্লিজীবনের ঐকান্তিক রূপের দীপ্তি ছড়িয়ে দেয়। কালো রাতি গেল ঘুচে/ আলো তারে দিল মুছে”–এ ছড়ার মধ্যে বৈজ্ঞানিক চিন্তাদর্শের মেলবন্ধন ঘটেছে। আলোর আগমনের সাথে সাথে অন্ধকার দূর হওয়ার ছবি প্রকাশিত হয়েছে।তৃতীয় পাঠে দেখা যায়–”মোষ নিয়ে ফার হয় রাখালের ছেলে/বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে”- জীববোধের সাথে সেই তো আমাদের প্রথম, সম্যক পরিচয়।
বাংলা বর্ণমালা শিশুমানসে গেঁথে, রূপকথার যে যাপনচিত্র রবীন্দ্রনাথ আমাদের উপহার দিয়েছিলেন, তার অন্য মোড়ক, অন্য প্যাকেজে হাজির করেছে বাংলাবাজারের একটি প্রকাশনা সংস্থা। সহজপাঠকে আরো ‘সহজ’ করে তুলতে বাংলার বদলে রোমান হরফে লেখা সে বই। নন্দলাল বসুর অলংকারের বদলে যুগউপযোগী নয়া চিত্রভাষ। সাদা-কালোর ধুলোবালিময় দুনিয়া ছেড়ে শহুরে রঙিন মেঝেয় ছোটো খোকার হামাগুড়ি, বনে থাকে বাঘ। নতুন ইংরেজি সংস্করণে লেখা – ‘Chhoto Khoka baley Aw aa/ Shekhe ni se katha kaw-a’ সহজপাঠের এমন রূপ দেখে, বাঙালি পাঠকমহলের চক্ষুচরকগাছ। যদিও বাংলা ভাষার উপর দীর্ঘদিন ধরে আক্রমণের রূপ দেখে আমারা নির্বাক, আমরা ভিত কিন্তু প্রতিবাদহীন। সে কথা মনে করিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি ব্যঙ্ক করে লিখেছেন, ‘ইংরেজি ভাষায় সহজ পাঠ নেই বলে English Medium হাত কামড়াচ্ছিল… বাজারে এসে গেছে ইংরেজি ভাষার স্মার্ট শিশুপাঠ্য ‘Sawhaj Path by Tagore! বর্তমান সময়ে বাবা-মায়েরা ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াতে আগ্রহই, ধুঁকছে পাঠশালা, বিদ্যালয় ভাবনা। কচিকাঁচারা বাংলা বলতে গিয়ে হোঁচট খায়, পরিবার সে নিয়ে গর্ব করে – আ মরি বাংলা ভাষা। কবি অপুর্ব দত্তের সেই কবিতা মনে পড়ে – স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে?’ এই তবে ভবিতব্য? এই তবে বাংলা ভাষার বিপরীত অভিঘাত! বিলুপ্তির শুরুয়াৎ!
কবি ও প্রাবন্ধিক বুদ্ধদেব বসু লিখেছিলেন, ‘যে বয়সে ক-খ চিনলেই যথেষ্ট সেই বয়সেই সাহিত্যরসে দীক্ষা দেয় সহজ পাঠ; এই একটি বইয়ের জন্য বাঙালি শিশুর ভাগ্যকে জগতের ঈর্ষাযোগ্য বলে মনে করি।’ রবীন্দ্রনাথের মতো বিদগ্ধ কবি, দার্শনিক, শিক্ষাচিন্তক যখন বাঙালি শিশুর জন্য চার দশকের বেশি সময়জুড়ে তাদের চেতনার প্রথম পাঠের বিষয় ও বিন্যাসের প্রস্তুতি নেন, তখন আমাদের গর্ববোধ হয় বইকি। বিস্মিত হতে হয়, যখন দেখি, ১৮৮৯ সালের The Pocket Book of Rabindranath Tagore-এ, ‘সহজ পাঠ’-এর প্রথম খসড়া থেকে ১৯৩০-এ প্রকাশিত ‘সহজ পাঠ’-এর এই সুদীর্ঘ প্রস্তুতিপর্বের রূপ। একাধিক পাণ্ডুলিপি ও তাঁরর কাটা-জোড়া, যোগ-বিয়োগ দেখলে অভিভূত না হয়ে উপায় নেই। শিশুমনকে কতখানি বুঝলে, জানলে এমন অনায়াসে, সহজ, সুন্দর ভাবে তিল-তিল করে গড়ে তোলা যায় এমন রচনা ! ‘সহজ পাঠ’ – শিশুর বর্ণ-পরিচয় গ্রন্থ নয়, বরং চেতনা-পরিচয়ের, শিক্ষণ, শৃঙ্খলা ও বাংলাসাহিত্য আস্বাদনের সুবন্দোবস্ত্য, পূর্বপাঠ।
ইংরেজি বর্ণমালায় সহজপাঠ নিয়ে ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন বাংলার বিদগ্ধজন । এই ব্যবসায়িক আয়োজন নিয়ে তাঁরা বলেছেন, ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীরাই মূল টার্গেট। এটা লজ্জার কথা। বাঙালির আত্মসম্মানের পক্ষেও এটা ঠিক নয়৷ এই প্রবণতা বাংলা ভাষার জন্য বিপজ্জনক হতে পারে।
❤ Support Us







