- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৫, ২০২৫
থমকে গেল সুরের দৃপ্ত স্লোগান, প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়
প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, এসএসকেএম হাসপাতালে আইসিউতে রাখা হয়েছিল তাঁকে। শনিবার সকালে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সঙ্গীত জগতের নক্ষত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। শোকস্তব্ধ শিল্পজগৎ।
‘আমি বাংলায় গান গাই’ — যে সুরের মূর্ছনায় আন্দোলিত হয় বাঙালির হৃদয়। একাত্মবোধের শিহরণ খেলে যায় রক্তে। সেই গানের শ্রষ্টা বাংলা সঙ্গীত জগতের নক্ষত্র প্রতুল মুখোপাধ্যায় শনিবার সকালে প্রয়াত হয়েছেন। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, এসএসকেএম হাসপাতালে আইসিউতে রাখা হয়েছিল তাঁকে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল, অসুস্থ অবস্থায় তাঁকে দেখতে গিয়ে সবাইকে তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সে সবই বিফলে গেল, অ্যান্টিবায়োটিক এলার্জি সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন, মালটি অর্গান ফেইলিওরের পরে কার্ডিয়াক আরেস্টে পথ চলা থেমে গেলে বাংলার রূপ সৌন্দর্যে বিভোর কণ্ঠশিল্পীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। দেশভাগের পর তাঁর সরকারি স্কুল শিক্ষক বাবা, তাঁর মা বাণী মুখোপাধ্যায় ও তাঁকে নিয়ে এপার বাংলায় চলে আসেন তিনি। বাসা বাঁধেন চুঁচুড়ায়। সেখানেই প্রতুলের কবিতা ও সুরের জগতে হাতেখড়ি। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ কবিতায় সুর দিয়ে পথচলা দিয়ে শুরু। সেই অল্পবয়সে নিজেও গান লিখতেন। কোনো প্রথাগত সঙ্গীতশিক্ষা ছিল না তাঁর, নিজের হৃদয়ের গভীর থেকে উৎসারিত আবেগকেই সুর ও কথার মেলবন্ধনে বেঁধে ফেলতেন। যেভাবে চিরন্তন সুরের আলোয় ভাসে আদিম মানুষ, গুহার দেওয়ালে এঁকে দেয় ছবি – তেমন করেই। সুরের ডিঙায় ভেসে সাগর থেকে সাগরে ভেসে যাওয়া। হাসপাতালের বেডে শুয়েও গুণগুণ করে ওঠে তাঁর অব্যক্ত মন, জলের অতল থেকে অন্ধকার ছাপিয়ে উঠে আসে মণিমুক্তোর নরম আলোর ঝিকিমিকি। ‘আমি বাংলায় গান গাই’ – তাঁর সর্বাধিক পরিচিত সৃষ্টি হলেও, বাংলা আধুনিক গান থেকে জাপানি গান গেয়েছেন। হিন্দি ছবির গান থেকেও উপাদান সংগ্রহ করেছেন। ১৯৮৮ সালে বিভিন্ন শিল্পীদের সঙ্গে মিলে ‘পাথরে পাথরে নাচে আগুন’ দিয়ে শুরুয়াত, এরপর ১৯৯৪-এ ‘যেতে হবে’ তাঁর একক অ্যালবাম। ২০২২ সালে তাঁর অপ্রকাশিত গানগুলি নিয়ে, শেষ অ্যালবাম ‘ভোর’ প্রকাশিত হয়। তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ ছাড়াও ‘আলু বেচো’, ‘ছোকরা চাঁদ’, ‘তোমার কি কোনও তুলনা হয়’, ‘সেই মেয়েটি’, ‘ফেব্রুয়ারির একুশ তারিখ’। ‘গোঁসাইবাগানের ভূত চলচিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন তিনি। বাঙলির যে জীবন দোয়েলের, শালিকের সেই অনাবিল জগতে প্রতুল মুখোপাধ্যায়ের অবাধ আনাগোনা। কেবল ঠোঁট বা কণ্ঠ নয়, তাঁর গোটা শরীর যেন ভেসে যায় গানের আলোয়।
বাংলা গান যতদিন থাকবে, যতদিন বাংলা স্রোতা থাকবে। জলছাপের মতোই বারবার বারবার ফুটে উঠবে প্রতুল মুখোপাধ্যায়ের মিহি কণ্ঠে গানের কথায় সুরেলা আবেশ আর দৃপ্ত স্লোগান। যন্ত্রের অনুষঙ্গ ছাড়াই, খালি গলায় চিরন্তন সে গানের অমোঘ অনুরণন।
❤ Support Us







