- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৭, ২০২৫
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রথম জনসভা সংঘ প্রধানের । সমস্যা নয় সমাধান অনুসন্ধানেই মিলবে সাফল্য, বার্তা মোহন ভাগবতের
পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বললেন, এখানে ভোট হয় উন্নয়নের নিরিখে । জনমুখী প্রকল্প ও পরিষেবা নিয়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের ভিত্তিতে। তাই এই রাজ্যের মানুষ তৃণমূল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলকে বিশ্বাস করে না
মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে সভা করা নিয়ে প্রশাসনের আপত্তি ছিল। শুক্রবার হাই কোর্ট ‘ন্যূনতম শব্দে’ রাষ্ট্রীয় সেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সভা করার অনুমোদন দিয়েছে। রবিবার বেলা ১১টা নাগাদ বর্ধমানের ঝিঙ্গুটির সাই কমপ্লেক্সে আরএসএসের মধ্যবঙ্গের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সফরেই আরএসএসের বর্ধমান শাখার উদ্বোধন করেন। এরপর তিনি দফায় দফায় আরএসএসের মধ্যবঙ্গের নেতাদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে আরএসএসের শাখা আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। প্রায় দু’বছর পরে রাজ্যে সভা করলেন সঙ্ঘ প্রধান। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ভাগবতের এই সভাকে রাজনৈতিক জমি তৈরির অন্যতম ধাপ হিসেবে বিজেপির অনেকেই মনে করছেন।
রাজনৈতিক শিবিরের পর্যবেক্ষণ, বাংলদেশ ঘটনাকে সামনে রেখে বিধানসভা ভোটের আগে হিন্দু ভোটকে এককাট্টা করতে চাইছে বিজেপি। সেই আবহে ভাগবতের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই বর্ধমান ছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া থেকে ১০ হাজার সঙ্ঘ-কর্মী এই সভায় যোগ দিলেন। এ ছাড়া সঙ্ঘ-পরিবারের আরও ৫ হাজার জন সভায় ছিলেন। যে সব জেলা থেকে সঙ্ঘ-কর্মীরা আসবেন, সেই সব এলাকার বেশিরভাগ অংশেই তৃণমূল শক্তিশালী। আরএসএস রাজনৈতিক জমি তৈরি করার জন্যে কীভাবে সাহায্য করবে, সেই বার্তা সঙ্ঘ প্রধান দেবে কি না, স্থানীয় বিজেপি কর্মীরা সেদিকে নজর রেখেছিলেন।
মাধ্যমিক পরীক্ষার জন্যে মহকুমা প্রশাসন (বর্ধমান উত্তর) সঙ্ঘ প্রধানের সভায় মাইক বাজানোর অনুমতি দেয়নি। সভার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয় সঙ্ঘের বর্ধমান শাখা। শুক্রবার হাইকোর্ট জানিয়ে দেয়, ন্যূনতম শব্দে ওই সভা করা যাবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা করা যাবে না। এ দিন সাইয়ের মাঠে গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। মাইকের বদলে বক্স বাঁধা হচ্ছে। মাঠ পরিষ্কার করে ম্যারাপ বাঁধার কাজ চলছে।

সঙ্ঘের প্রমুখরা জানিয়েছিলেন ৫ হাজার বর্গমিটার এলাকা নিয়ে সভা হবে। দেড় ঘন্টার এই সভায় ১০ হাজার কর্মী থাকবেন। সবাই সঙ্ঘের পোশাক পরে থাকবেন। তবে ‘ধর্মীয় মেরুকরণকে ভিত্তি করে পশ্চিমবঙ্গে পায়ের তলায় জমি পাওয়া যাবে না’ বলে মনে করে রাজ্যের শাসক দল তৃণমূল। দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বললেন, ‘পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিকে চোখের মণির মত আগলে রেখেছে। এখানে ভোট হয় উন্নয়নের নিরিখে। জনগণেশের সুখে-দুঃখে পাশে থাকার ভরসার ভিত্তিতে। জনমুখী প্রকল্প ও পরিষেবা নিয়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের ভিত্তিতে। তাই এই রাজ্যের মানুষ তৃণমূল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলকে বিশ্বাস করে না।
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত বলেন, ভারতে সমস্যা আছে ঠিকই। চলতে গেলে ছোট-বড় নানা সমস্যা থাকবেই। কিন্তু সেই সমস্যাকে আঘাত করে বাড়িয়ে না তুলে সমস্যার মধ্যে থাকা সমাধানকে মাথা ঠাণ্ডা রেখে খুঁজে বার করতে হবে ।
রবিবার বর্ধমানের সাই কমপ্লেক্সে আয়োজিত আরএসএসের মধ্যবঙ্গীয় সভায় বক্তব্য পেশ করেন মোহন ভাগবত।
১৩ ফেব্রুয়ারি থেকে রবিবার পর্যন্ত বর্ধমানে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যোগ দেন তিনি। এই সভা নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আপত্তি ও হাইকোর্টের নির্দেশে সভার অনুমতি প্রদানকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক হাওয়া গরম হয়ে ওঠে। দেখা গেল সভায় ব্যবহৃত সাউণ্ড বক্সের আওয়াজ মাপতে বসানো হয়েছে ইলেক্টনিক নয়েজ লিমিটার মেশিন। সভায় দুই বর্ধমান ছাড়াও, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদীয়া থেকে কয়েক হাজার স্বয়ংসেবক সদস্য হাজির ছিলেন। হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী ডা. সুভাষ সরকার প্রমুখরাও। মোহন ভাগবত বলেন, ‘ভারত অখণ্ড। ভারত একটা ভূগোল নয়। ভূগোল ছোট বড়ো হয়। ভারত একটি স্বভাব। সংঘ সম্পূর্ণ হিন্দু সমাজ গঠন করতে চাইছে। এই দেশকে রক্ষা করার দায়িত্ব হিন্দুদের। ভারতের এই স্বভাব যারা মানতে পারেনি তারা আলাদা দেশ তৈরি করে নিয়েছেন।’ ভাগবত যোগ করেন, ‘আজ এই মাঠে হয়ত অনেক বাধা অতিক্রম করে নিজেদের গাঁটের কড়ি খরচ করে সংঘের সদস্যরা সভায় এসেছেন। সবারই আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। কিন্তু সেই বিভেদের মাঝে একতাই ভারত।’ জানিয়ে দেন, ‘ইন্দো- আর্য সভ্যতার আগে থেকে এটা চলে আসছে। সবার ভিন্নতাকে সম্মান দিয়ে বাঁচো। কিন্তু ঐক্য বজায় রাখো। এটাই বড় বিষয়। নিজে বড়ো হলে অন্যকে বড়ো করতে হবে, সেটাই বীরত্ব।’
ভাগবত বলেন, ‘ভারতে রাজা-মহারাজাদের শাসন চলেনি। এখানে অনেকে ধনবান আছেন। কিন্তু তাদের কথাই শেষ কথা নয়। কে কত বড় ধনবান, কত রোজগার করেন, সেটাতে দেশ চলে না।’ সঙ্ঘ প্রধানের মতে, ‘ভারতে এমন ব্যক্তিত্বও রয়েছেন, যিনি নিজে এক টাকাও কামাননি। সেই স্বামী বিবেকানন্দকে সকলে মানেন।’ ভাগবতের ব্যাখ্যা, ‘হিন্দু সমাজ, ভারত সংস্কৃতি ও ভারত এক। আজকের অবনতির সময়েও এই কথা সমানভাবে প্রযোজ্য। শিক্ষিত, শ্রেষ্ঠ সে, যিনি মহিলাদের মায়ের রূপে দেখেন, পরের সম্পত্তিতে লোভ করেন না, নিজে রোজগার করে খান।’ তাঁর মতে, ‘কোনো দেশের সমাজের গুণগত মানই দেশের মান তৈরি করে। দেশকে তৈরির করার আগে সমাজকে তৈরি হতে হয়। নেতা-মন্ত্রী, শাসক, প্রশাসক তৈরি হবে। কিন্তু দেশের ভাগ্য নির্ধারণ করে সমাজ।’ ভাগবতের আহ্বান, ‘হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতেই হবে। সেই কাজ আরএসএস করছে। মোহন ভাগবত বলেন, সমস্যা জীবনের অঙ্গ। সমস্যা থাকবেই। তার মধ্যেই এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, আমাদের ঐক্যই সংগঠন। আমাদের একতার আধার আত্মীয়তা। হিন্দু সমাজের মধ্যে এই আত্মীয়তা বাড়াতে হবে। আর হিন্দু সমাজের মধ্যে গোটা বিশ্বের আত্মীয়তা গড়ে তুলতে হবে।’
মোহন ভাগবত এদিন বলেন, ‘সারা দেশে ১লক্ষ ৩০ হাজার প্রকল্প চালাচ্ছে সংঘ। ভারতবর্ষের উন্নতির জন্য। কোনোরকম সরকারি সাহায্য না নিয়ে নিজেদের ক্ষমতায় এটা করছে। সংঘের কাজ সমাজকে সংগঠিত করা।’
❤ Support Us







