Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২২, ২০২৫

মোহনবাগানরত্ন উমাপতি কুমারের আবক্ষ মূর্তি স্থাপন কালনার চা গ্রামে

আরম্ভ ওয়েব ডেস্ক
মোহনবাগানরত্ন উমাপতি কুমারের আবক্ষ মূর্তি স্থাপন কালনার চা গ্রামে

ফুটবলার ও প্রশাসক ‘মোহনবাগানরত্ন’ উমাপতি কুমারের জন্মভূমি কালনা ২নং ব্লকের চা গ্রামে। প্রয়াত এই ফুটবলশিল্পী জন্ম ১৮৯৮-র ৮ ফেব্রুয়ারি। ১২৭তম জন্মদিনে চা গ্রামে বসানো হল উমাপতি কুমারের আবক্ষ মূর্তি। সবুজ-মেরুন বেদির উপর বসানো এই শিল্পী ফুটবলারের মূর্তিটি তৈরি করেছেন কৃষ্ণনগরের বাসিন্দা আন্তর্জাতিক পর্যায়ের শিল্পী গৌতম পাল। মূর্তির আবরণ উন্মোচন করলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, ‘বাংলার ফুটবলে উমাপতি কুমারের অবদান বিশাল। তাঁর মূর্তি বসানোটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। আজ থেকে ৫০ বছর বাদে মানুষ বুঝতে পারবেন এই মূর্তি স্থাপন কতখানি জরুরি ছিল।’ সেইসঙ্গে উমাপতি কুমার স্মরণে স্মৃতিরক্ষা কমিটি কিছু করলে মোহনবাগান সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিলেন দেবাশিসবাবু। স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক প্রণব রায় বলেন, ‘এখানে একটি ফুটবল প্রশিক্ষণ শিবির গড়ার আবেদন জানিয়েছি দেবাশিসবাবুর কাছে। উনি আশ্বাস দিয়েছেন।’

মূর্তি বসানো উপলক্ষ্যে শনিবার বিকেলে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজিত হল স্থানীয় ইছাপুর শ্রীগদাধর উচ্চবিদ্যালয়ের মাঠে। এই ম্যাচে মোহনবাগান একাদশ ২—১ গোলে হারাল কালনা ২নং ব্লক একাদশকে। মোহনবাগানের পক্ষে খেলেন এই ক্লাব ও জাতীয় দলে খেলা প্রথিতযশা ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি, শিশির ঘোষ, তুষার রক্ষিত, দেবাশিস গাঙ্গুলি, অমিত ভদ্ররা। মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে উমাপতি কুমারের পরিবারের সদস্যরা হাজির ছিলেন। আয়োজক উমাপতি স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক প্রণব রায় জানান, ‘উমাপতি কুমার স্মরণে শুধু মূর্তি বসানোই নয়, তাঁর স্মৃতিতে এলাকায় সংগ্রহশালা, শিশু উদ্যান ও গ্রন্থাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

স্কিল, স্ট্যামিনা আর স্ট্রেংথ— ফুটবলের এই থ্রি এসের যুগলবন্দি ছিল উমাপতি কুমারের মজ্জাগত। ‘বল আর্টিস্ট’ হিসেবে খ্যাত ছিলেন মোহনবাগান ও জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এই ফরোয়ার্ড। ১৯১৬ থেকে ১৯৩৬ পর্যন্ত মোহনবাগানে খেলেছেন। ৬ বার কোচবিহার ট্রফি-সহ বহু স্মরণীয় ট্রফি উপহার দেন দলকে। মোহনবাগানের অধিনায়কত্বও করেছেন। ১৯২৩ থেকে ১৯৩৬ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন তিনি। খেলা ছাড়ার পর জড়িয়েছিলেন মোহনবাগান প্রশাসনে। অলঙ্কৃত করেছেন ক্লাবের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক, কোষাধ্যক্ষর মত বহু শীর্ষ পদ। ১৯২৯-র ২০ নভেম্বর মৃত্যু হয় তাঁর। সফল ফুটবলার ও প্রশাসক হিসেবে টানা ৭৫ বছর মোহনবাগানের সঙ্গে জড়িয়ে ছিলেন উমাপতি।

চা গ্রামে চক্কর দিয়ে দেখা গেল, এখানকার ভূমিপুত্র উমাপতি কুমারের জন্য গ্রামবাসীদের আবেগ ষোল আনা। খোঁজখবর নিয়ে জানা গেল, উমাপতির বাবা রজনীকান্ত কুমার ছিলেন ব্যারিস্টার। এলাকায় প্রভূত সম্পত্তির মালিক ছিল এই কুমার পরিবার। বাড়িতে দুর্গোৎসব হত। সেই উৎসবে কলকাতা থেকে আসতেন শৈলেন মান্না, চুনী গোস্বামী, তুলসীদাস বলরামের মত প্রবাদপ্রতিম ফুটবলাররা। এলাকার উন্নয়ন ও দানধ্যানের জন্য খ্যাতি ছিল এই পরিবারের। স্থানীয় ওমরপুর গ্রামে বেহুলা নদীতে সেতু, কুলটি-কৃষ্ণপুর গ্রামে গাঙুর নদীতে সেতু, বাদলা হাইস্কুল প্রতিষ্ঠা, চা গ্রামে হাসপাতাল তৈরির জন্য জমিদান এই কুমার পরিবারের অবদান। উমাপতির শিশুকাল গ্রামে কাটে। তবে কর্মসূত্রে বাবা বিহারের কিষাণগঞ্জে চলে যাওয়ায়, বাবার সঙ্গে সেখানেই চলে যান কিশোর উমাপতি। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতেন চুটিয়ে। সেই ফুটবলই ভবিষ্যতে উমাপতিকে কিংবদন্তীতে পরিণত করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!