- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২৪, ২০২৫
মেদিনীপুরে জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার, সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যের সমস্ত চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের নিয়ে সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী । চিকিৎসা পরিষেবায় নিযুক্তদের অভাব অভিযোগ শুনতেই রাজ্যের স্বাস্থ্য দফতর এই সভার আয়োজন করেছিল । সেখানেই রাজ্যে সরকারি হাসপাতালে কর্মরত বরিষ্ঠ চিকিৎসক এবং শিক্ষানবিশ ডাক্তারদের বেতন বৃদ্ধির পাশাপাশি, মেদিনীপুরের জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্র্যতাহারের ঘোষণা করলেন মমতা বন্দোপাধ্যায় ।
এদিন কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে স্বাস্থ্য দফতর আয়োজিত এই অনুষ্ঠানে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছিলেন চিকিৎসা পরিষেবার সঙ্গে সংশ্লিষ্টরা । ‘চিকিৎসার আরেক নাম সেবা’ শীর্ষক এই সম্মেলনের সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক ইন্টার্ন, হাউসস্টাফ, পোস্টগ্রাজুয়েট ট্রেনিদের দশ হাজার টাকা করে বেতন বাড়নো হচ্ছে । সিনিয়র চিকিৎসকদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হবে ১৫ হাজার টাকা । এতে ডিপ্লোমা এবং পোস্ট গ্র্যাজুয়েট এবং পোস্ট ডক্টরেট ডিগ্রি প্রাপ্তদের বেতন বাড়বে একই হারে । পাশাপাশি সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায়, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী মেনে চলার নির্দেশিকা লাগু করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর । হাসপাতালের ডিউটি আওয়ার্সের বাইরে চিকিৎসা করার ক্ষেত্রে ২০ কিমি সীমা বেঁধে দেওয়া হয়েছিল । আজ মুখ্যমন্ত্রী আরও ১০ কিলোমিটার পরিধি বৃদ্ধির ঘোষণা করেন । এতে সরকারি হাসপাতালের চিকিৎসকরা, নির্ধারিত কর্মসময়ের পর অন্যান্য জায়গায় চিকিৎসা করতে পারবেন, সরকারি হাসপাতালের ৩০ কিমি পরিধির মধ্যে । মুখ্যমন্ত্রী এদিন সভামঞ্চ থেকে রাজ্যের চিকিৎসকদের অনুরোধ করে বলেন, ‘ সিনিয়র ডাক্তারদের অনুরোধ করবো, সব জুনিয়রদের কাঁধে ছেড়ে দেবেন না । অন্তত আট ঘন্টা সরকারি পরিষেবা দিন । তারপর প্রাইভেট প্র্যাকটিস করুন । ‘ জরুরী পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে ডেকে চিকিৎসা দেওয়ার পরামর্শও দেন তিনি ডাক্তারদের ।
গত জানুয়ারিতে মেদিনীপুর হাসপাতালে প্রসূতি এবং সদ্যজাতের মৃত্যুর প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘সেখানে কর্তব্য গাফিলতি ছিল । বিষয়টা নিয়ে এখনো তদন্ত চলছে । জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে বরখাস্ত করা হয়েছিল । তাদের রিপোর্ট পুলিশ পেয়েছে ।…তাদের ওপর ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি একতরফা ভাবে । ওদের ভবিষ্যতের কথা ভেবেই সাসপেনশন প্রত্যাহার করা হলো । ‘ তিনি আরও বলেন, চিকিৎসক ছাত্র ছাত্রীদের হোস্টেল বাড়াতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর । পাশাপাশি কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে, প্রয়োজনে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়োগের পাশাপাশি, সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং দেওয়ার বিষযটিও উল্লেখ করেছেন ।
মেদিনীপুরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার এবং রাজ্যে জাল ওষুধ ছড়িয়ে পরার বিষয়ে, সরকারি হাসপাতালের প্রিন্সিপাল এবং সুপারদের প্রতি তিনমাস অন্তর ওষুধের স্টক আপডেট করার বিষয়েও সচেতন থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি স্বাস্থ্য দফতরের দায়িত্ব থাকা আধিকারীক এবং চিকিৎসকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতেও গুরুত্ব দিতে বলেন তিনি ।
❤ Support Us




