Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৫

জম্মু-কাশ্মীরে সেনার গাড়িতে জঙ্গিদের গুলিবৃষ্টি, শুরু সার্চ অপারেশন

আরম্ভ ওয়েব ডেস্ক
জম্মু-কাশ্মীরে সেনার গাড়িতে জঙ্গিদের গুলিবৃষ্টি, শুরু সার্চ অপারেশন

জম্মু-কাশ্মীরের রাজৌরি এলাকায় জঙ্গলের মধ্যে লুকিয়ে সেনাবাহিনীর গাড়ি লক্ষ করে গুলিবৃষ্টি করে জঙ্গিরা। প্রত্যুত্তরে সেনাবাহিনী প্রতিরোধ শুরু করে। শুরু হয়েছে সার্চ অপারেশন। হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। মনে করা হচ্ছে সাম্প্রতিককালে জঙ্গিঅনুপ্রবেশ আটকাতে বিএসএফের নিরাপত্তা দৃঢ় করবার প্রতিশোধ নিতেই এই ঘটনা।

বুধবার জম্মু-কাশ্মীরের রাজৌরি এলাকায় জঙ্গলের মধ্যে লুকিয়ে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ করে গুলিবৃষ্টি করে জঙ্গিরা। প্রত্যুত্তরে সেনাবাহিনী প্রতিরোধ শুরু করে। শুরু হয়েছে সার্চ অপারেশন। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মনে করা হচ্ছে সাম্প্রতিককালে জঙ্গিঅনুপ্রবেশ আটকাতে বিএসএফের নিরাপত্তা দৃঢ় করবার প্রতিশোধ নিতেই এই ঘটনা।

সেনা সূত্রে খবর, বুধবার দুপুর ১টায় রাজৌরির সুন্দরবাণী মাল্লা রোডের কাছে ফাল নামক একটি গ্রামে জলের ট্যাঙ্কের কাছে হামলা চালায়। প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছিল, সেই সময় জঙ্গিরা গুলি চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। এই মুহূর্তে জঙ্গল এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনা জওয়ানরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আরো সেনাদল ওই এলাকায় পৌঁছে গেছেন। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

গত কয়েকমাসে একাধিকবার জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা ঘটেছে। বিধানসভা নির্বাচনের সময়ে বারবার করে উঠে এসেছিল নিরাপত্তার প্রশ্ন। কিছুদিন আগেই সোপোরের জালোরা গুজ্জরপতি এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে এক সেনাজওয়ান প্রাণ হারিয়ে ছিলেন। গুলমার্গেও হামলা হয়েছিল সেনার উপর। সোনমার্গে সাধারণ মানুষের উপরেও গুলি চালিয়েছিল সন্ত্রাসবাদীরা, মারা গিয়েছিলেন চিকিৎসক সহ ৭ জন। লস্কর-এ তইবা, ইন্ডিয়ান মুজাহিদিন, জইশ-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলির সক্রিয় প্রভাব এখনো রয়ে গিয়েছে ভূ- স্বর্গে। প্রায়ই ভারতীয় সেনার অভিযানে ধরা পড়ে একাধিক জঙ্গি, কখনো চলে গুলির লড়াই।

২০১৯ সালে পুলওয়ামাতে সেনার উপর হামলার পর, সারা দেশে ক্ষোভে ফেটে পড়েছিল। পাকিস্তানে ঘাঁটি গড়া জইশ-এ-মোহাম্মদ সে ঘটনার দায়স্বীকার করে। বহু ভারতীয় সেনা জওয়ান ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। পাকিস্তানকে এ নিয়ে ভারত কড়া বার্তা শোনালেও কাজ হয় নি। তারপর ভারতীয় সেনার তরফে পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে অভিযান চালান। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল জঙ্গিঘাঁটিগুলি, শীর্ষ জঙ্গিনেতাদের খতম করা হয়। ভারতীয় সেনার এ সম্পর্কিত দাবি নিয়ে বিতর্ক রয়েছে। তবে আজকের ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির কর্মকর্তাদের মাথায় নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে । মনে করা হচ্ছে নতুন করে আবার কাশ্মীরকে অশান্ত করে তোলবার চেষ্টা করছে সন্ত্রাসবাদী শক্তিগুলি। সাধারণত শীতকালে রাজৌরি অঞ্চলে জঙ্গি উপদ্রব বেশি লক্ষ্য করা যায় । এরকম ঘটনা আটকাতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ আগামী আরো শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!