- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২৭, ২০২৫
ওয়াকফ সংশোধনী বিলের পরিবর্তন অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা, ১০ মার্চ পুনরায় সংসদে পেশ
বিরোধীদের চাপে শেষপর্যন্ত বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের পরিবর্তন অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত সপ্তাহে এক বৈঠকে যৌথ সংসদীয় কমিটির প্রস্তাবিত ২৩টি পরিবর্তনের মধ্যে ১৪টিই মন্ত্রিসভা গ্রহণ করেছে। সংশোধিত বিলটি ১০ মার্চ পুনরায় সংসদে উত্থাপন করা হবে।
যৌথ সংসদীয় কমিটি ১৩ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন পেশ করেছিল। যে প্রতিবেদনে কমিটির বিরোধী সাংসদরা বলেছিলেন যে, তাদের মতামতের কিছু অংশ জমা দেওয়া নথি থেকে উধাও হয়ে গেছে। এই বিষয়েও বিতর্ক তৈরি হয়। কেন্দ্রীয় মন্ত্রীসভা অভিযোগ অস্বীকার করলেও বলে যে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের ধারাগুলি অপসারণ করার ক্ষমতা আছে। তবে লোকসভার স্পিকার ওম বিড়লা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিরোধী সাংসদদের মধ্যে এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে বিরোধীদের মতামতগুলি অন্তর্ভুক্ত করা হবে।
কমিটির কার্যকারিতা নিয়ে বিরোধী দল এবং বিজেপির মধ্যে দীর্ঘ লড়াইয়ের পর যৌথ সংসদীয় কমিটির প্রতিবেদন জমা দেওয়া হল, যেখানে চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং যথাযথ পরামর্শ ছাড়াই বিলটি নিয়ে তাড়াহুড়ো করার অভিযোগ আনা হয়েছিল। বিরোধী সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন যে, ৫ ফেব্রুয়ারির দিল্লি নির্বাচনের দিকে নজর রেখে তিনি ওয়াকফ বিলটি সংসদে পেশ করার চেষ্টা করছেন।
যদিও বিজেপি এই দাবিগুলি অস্বীকার করেছে। কমিটির সদস্য এবং লোকসভার সাংসদ অপরাজিতা সারঙ্গি বলেছেন যে, ‘জগদম্বিকা পাল সকলের বক্তব্য শোনার চেষ্টা করেছিলেন এবং সংশোধনী আনার জন্য সকলকে পর্যাপ্ত সময় দিয়েছিলেন।’ অবশেষে ৬৬টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল। যার মধ্যে বিরোধী দলের ৪৪টিই প্রত্যাখ্যান করা হয়েছিল, যা আবারও বিতর্কের সূত্রপাত করেছিল। বিজেপি এবং মিত্র দলগুলির ২৩টি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এবং ভোটের পর ১৪টিই অনুমোদিত হয়েছিল। যৌথ সংসদীয় কমিটিতে বিজেপি এবং তার সহযোগী দলগুলির ১৬ জন সাংসদ ছিলেন এবং বিরোধী দলগুলির মাত্র ১০ জন ছিলেন।
যে ১৪টি সংশোধনী প্রস্তাব নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বিলের মূল খসড়ায় উল্লেখিত বাধ্যতামূলক দুই অমুসলিম সদস্য এবং মনোনীত পদাধিকারবলে সদস্যদের (মুসলিম বা অমুসলিম) মধ্যে পার্থক্য করা। এর অর্থ হল, রাজ্য বা দেশীয় স্তরে, ওয়াকফ কাউন্সিলে কমপক্ষে দুজন এবং সম্ভবত আরও বেশি (যদি মনোনীত পদাধিকারবলে সদস্যরাও মুসলিম না হন) সদস্য থাকবেন যারা ইসলামী বিশ্বাসের নন। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল সংশ্লিষ্ট রাজ্য কর্তৃক মনোনীত একজন কর্মকর্তাকে কোনও সম্পত্তি ওয়াকফ কিনা তা নির্ধারণের নির্দেশ দেওয়া। মূল খসড়ায় এই সিদ্ধান্তটি জেলা কালেক্টরের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। তৃতীয়ত, আইনটি পূর্ববর্তী সময়ের থেকে প্রযোজ্য হবে না, যতক্ষণ না প্রশ্নবিদ্ধ সম্পত্তিটি ইতিমধ্যেই নিবন্ধিত থাকে। এই বিষয়ে, কংগ্রেস নেতা এবং যৌথ সংসদীয় কমিটি সদস্য ইমরান মাসুদ সতর্ক করে বলেছেন, আনুমানিক ৯০ শতাংশ ওয়াকফ সম্পত্তি প্রকৃতপক্ষে নিবন্ধিত নয়।
❤ Support Us




