- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৭, ২০২৫
কালনায় হিমঘরের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু। আহত ১, অসুস্থ ২ গ্রামবাসী
সাতসকালেই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সাদা ধোঁয়ায় ভরে যায় চারদিক। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কালনার ভবানন্দপুরের একটি হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের কম্প্রেসার মেশিন ফেটে মৃত্যু হল ২ শ্রমিকের। মৃতরা হল কালনার সজল কুমার ঘোষ (৫৯) ও বিহারের শ্রাবণ প্রসাদ (৪৫)। এই দুর্ঘটনায় আহত হন ১ শ্রমিক, অসুস্থ হয়ে পড়েন ২ গ্রামবাসী। শুধু তাই নয়, বিষাক্ত ওই গ্যাসের জেরে জ্বালা করতে থাকে চোখমুখ। মাথা ঘোরা ও শ্বাসকষ্টের উপসর্গ ধরা পড়ে কয়েকজনের। প্রাণের ভয়ে অনেকেই বাড়ি ছেড়ে গ্রামের শেষপ্রান্তে খোলা জায়গায় আশ্রয় নেয়। বন্ধ করে দেন দরজা-জানালা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী, কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল, এসডিপিও রাকেশ কুমার চৌধুরি, কালনা থানার আইসি সুজিৎ ভট্টাচার্যরা। দুর্ঘটনার জেরে এলাকার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখা হয় এদিন। এদিন কালনা হাসপাতালের মর্গে শ্রমিকদের মৃতদেহ ময়নাতদন্ত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা ২নং ব্লকের আনুখাল পঞ্চায়েতের ভবানন্দপুর এলাকায় বৃহস্পতিবার সকালে একটি হিমঘরের ভিতর বোমা ফাটার মত বিকট শব্দ কেঁপে ওঠে এলাকা। তারপরেই দেখা যায় অ্যামোনিয়া গ্যাসের কম্প্রেসার মেশিন ফেটে প্রচুর পরিমাণে সাদা ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়া নিমেষেই ছড়িয়ে পড়ে এলাকায়। অন্যদিকে দুর্ঘটনাস্থলে পড়ে থাকা দুই শ্রমিকের দেহ উদ্ধার করা হয় বেশ কিছুক্ষণ পর। কারণ তখনও ধোঁয়ায় ঢেকে দুর্ঘটনাস্থল। কিছুক্ষণ পরেই দমকলবাহিনীর কর্মীরা এসে মুখে মাস্ক পরে কাজ শুরু করেন। ৪টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কালনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজে হাত লাগায়। হিমঘরের আহত এক কর্মী বুদ্ধদেব প্রামাণিককে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণে বাঁচতে উঁচু জায়গা থেকে ঝাঁপ দিতে গিয়ে পায়ে গুরুতর চোট পান তিনি। তিনি জানান, সেইসময় দুর্ঘটনাস্থল মেশিনঘর ও বাইরে সাতজন শ্রমিক ছিল। অন্যদিকে এই বিষাক্ত গ্যাস হিমঘরের সামনে থাকা ঘোষপাড়ায়, ব্রাহ্মণপাড়া এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চোখমুখ জ্বালা করতে থাকে। ভয় পেয়ে অনেকেই চোখ মুখ কাপড়ে ও মাস্কে ঢেকে ফেলেন। সকালে জমিতে কাজ করতে থাকা কৃষক সহ স্থানীয়দের অনেকেই বিকট আওয়াজের আতঙ্কে জমির আল ধরে ছুটতে থাকেন। গ্রামের শেষপ্রান্তে নদীপাড়ায় অনেকেই ছুটে পালিয়ে যান। অসুস্থ হয়ে পড়ে ২ জন। স্থানীয় বাসিন্দা দেবব্রত ঘোষ জানান, ‘সকালে ঘুম থেকে ওঠার পরেই বোম ফাটার মত বিকট আওয়াজ শুনতে পাই। তখন দেখি হিমঘরের মেশিনঘর থেকে মেঘের মত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ছে। চোখ জ্বালা করছে। নিঃশ্বাস নিতে পারছি না। মা অসুস্থ হয়ে পড়ছে। মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দূরে চলে যাই। অন্যরাও চলে যায়।’ একই দাবি এলাকার বাসিন্দাদের। বিষাক্ত গ্যাসে প্রিয়াংকা মণ্ডল নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী ও মিঠু বাগ নামে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। দুর্ঘটনার পর গ্রামে আসা মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রিয়াংকাকে পাঠানো হয় কালনা হাসপাতালে। স্বাস্থ্য কর্মীরা এলাকায় ঘুরে স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। হিমঘরের দায়িত্বে থাকা গিয়াসউদ্দিন শেখ জানান, ‘মেশিন ফেটে মৃত্যুর খবর শুনতেই ছুটে আসি। মেশিন ঘরের ইনচার্জ শ্রাবণ প্রসাদ ও সজল কুমার ঘোষ নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আলু রাখার কাজ শুরু হবে। সেই কারণে এদিন সকালে ওরা কাজ করছিল ওখানে। কী করে এই দুর্ঘটনা ঘটল বুঝে উঠতে পারছি না।’ কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল জানান, ‘ভবানন্দপুরে দু’জনের মৃত্যু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল ফরেন্সিক তদন্ত করা হবে। ফরেন্সিক টিম চাওয়া হয়েছে।’ এদিন ব্যারাকপুর ও দুর্গাপুর থেকে ডিজাস্টারের দুটি এক্সপার্ট টিম ঘটনাস্থলে আসে। পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে।
❤ Support Us







