Advertisement
  • দে । শ
  • মার্চ ৪, ২০২৫

রেজিস্ট্রেশন করিয়েও উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ছাত্রছাত্রীরা।স্কুলছুটের হার বাড়ছে রাজ্যে

আরম্ভ ওয়েব ডেস্ক
রেজিস্ট্রেশন করিয়েও উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ছাত্রছাত্রীরা।স্কুলছুটের হার বাড়ছে রাজ্যে

৩ মার্চ থেকে শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। পরীক্ষাপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিগত ৫ বছরে রেকর্ড হারে কমছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী , তার উপরে  ট্যাব কেনার ১০ হাজার টাকা নিয়েও পরীক্ষায় গড়হাজির বহু পড়ুয়া।

রাজ্যজুড়ে ৩ মার্চ থেকে শুরু হয়েছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা, চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। পরীক্ষাপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রায় ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে, যা গতবারের তুলনায় অনেকখানি কম। ২০২৩-এ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। তার মধ্যে থেকে একাদশের জন্য রেজিস্ট্রেশন করেছিল ৫ লক্ষ ৬৪ হাজারের মতো। এই বছর পরীক্ষা দিচ্ছে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। অর্থাৎ প্রায় ৫৫ হাজার পরীক্ষার্থী কম। প্রতি বছর মাধ্যমিকের উত্তীর্ণের সংখ্যার চাইতে প্রায় ১০ শতাংশ পড়ুয়া কম রেজিস্ট্রেশন করে উচ্চ মাধ্যমিকে। তার উপর রেজিস্ট্রেশন করিয়েও বহু ছাত্রছাত্রী পরীক্ষায় বসেনি। রাজ্য সরকার ছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করতে কন্যাশ্রী, রুপশ্রীর মতো প্রকল্প চালু করেছে, একাদশ ও দ্বাদশের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য ট্যাব কিনতে ১০ হাজার টাকা দেয়। কিন্তু দেখা যাচ্ছে প্রকল্পের সুবিধা নিয়েও, উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিতে নারাজ রাজ্যের অনেক পড়ুয়ারা। পারিবারিক অস্বচ্ছলতা থাকবার কারণে বহু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পারি দিচ্ছেন, ছাত্রীদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে।

সোমবার বিভিন্ন জেলায় উচ্চ-মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে এই দৃশ্যই দেখা গেল। পূর্ব মেদিনীপুরে গড়হাজির পরীক্ষার্থীর সংখ্যা বিশাল। প্রায় ২০০০ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেননি। জেলায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ৩০,১৬৪ জন, যার মধ্যে ১৩,৯১২ জন ছাত্র, ছাত্রীর সংখ্যা ১৬,২৫২ জন। মোট পরীক্ষাকেন্দ্র ৭১টি। শিক্ষাকেন্দ্রের তথ্য অনুযায়ী মেদিনীপুর জেলায় ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতাধীন উচমাধ্যমিকের ৩২ হাজার, ২৪৮ জন ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা পেয়েছে। এ নিয়ে  জেলায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কেন তারা পরীক্ষায় বসল না, তা খতিয়ে দেখতে শুরু করেছে জেলা প্রশাসন।  জেলা শিক্ষা দফতরও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন, ‘১ হাজার ৯৯১ জন,  প্রায় দু হাজার পরীক্ষার্থী এ বছর রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দেয়নি। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না। আশা রাখছি আগামী দিনে রাজ্য সরকার এ বিষয়ে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেবে।’ মেদিনীপুর জেলার কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে ৩০৮ জন ছাত্র-ছাত্রী ট্যাব কেনার টাকা পেয়েছেন, কিন্তু পরীক্ষায় বসেছেন  ২৮৮ জন। বহিচবেড়িয়া হাইস্কুলে ৬৩ জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে ৫৯ জন। ময়না আদর্শ বিদ্যায়নেও অন্য অনেক স্কুলে একই চিত্র।

শুধু মেদিনীপুর নয়, রাজ্যজুড়ে একই করুণ অবস্থা। পশ্চিম বর্ধমানে পরীক্ষা দেয়নি ২৯৫ জন। আসানসোল ও দুর্গাপূরে যথাক্রমে ১৮৯ জন, ১০৬ জন ছাত্রছাত্রী পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমান জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮,২৬২ জন, অথচ পরীক্ষা দিচ্ছে ১৭,৫৭১ জন। অনুপস্থিত ৬৯১ জনের মধ্যে ৫৮৭ জনই ছাত্রী। এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাদের মাথায়।  আসানসোলের মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি বন্দ্যোপাধ্যায় এর পিছনে মূলত দুটি কারণ পর্যবেক্ষণ করেছেন। ছাত্রীরা পরীক্ষা না দিলেও কন্যাশ্রীর ২৫ হাজার ও ট্যাব কেনবার ১০ হাজার টাকা পেয়ে যাচ্ছে। বিয়েও করে ফেলছে অনেকে। সহজেই টাকা হাতে আসায়  পড়াশোনার আগ্রহ কমছে।  ছাত্ররা ভিনরাজ্যে কাজের দিকে ঝুঁকছে। ট্যাবের টাকা নিয়েও পশ্চিম মেদিনীপুরর ৩০০ জন ও ঝাড়গ্রামের ১৫০ পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি।

এ নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, ‘এ বার গত বছরের তুলনায় আড়াই লাখ পরীক্ষার্থী কম। কারণ ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থী কম থাকায়, স্বাভাবিক ভাবেই উত্তীর্ণের সংখ্যাও কম ছিল। তারই প্রতিফলনে জেলার কেন্দ্রগুলোয় হয়েছে।’ তবে রেজিস্ট্রেশন করিয়েও কেন পরীক্ষা বিমুখ হচ্ছে নতুন প্রজন্ম, সে নিয়ে মুখ খোলেননি তিনি। এ নিয়ে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। যদিও এই ঘটনায় জেলার বিজেপি নেতৃত্ব নিশানা করছে রাজ্য সরকারকেই। তাঁদের বক্তব্য, আসলে ট্যাবের টাকা পেলেও বহু ছাত্র-ছাত্রী মনে করছে, বাংলায় তাদের কোনও ভবিষ্যৎ নেই। রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থা দিশাহীন। তাই তাঁরা পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে। এই ঘটনায় আশঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক সংগঠন ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস’-এর জেলা সভাপতি তথা তমলুকের কেলোমাল সন্তোষিনী হাই স্কুলের প্রধান শিক্ষক মৃন্ময় মাজি। তার বক্তব্য,’ পরিসংখ্যান বলছে, প্রায় ৬ শতাংশ পরীক্ষার্থী স্কুলছুট হয়েছে। এটা খুবই উদ্বেগের।’

কোভিড পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলি বিপন্ন বিস্ময়ে দাঁড়িয়ে আছে। বহু স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা পরিকাঠামো, কোথাও আবার নেই পড়ুয়া।দুনিয়া যখন তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে যখন বাংলার স্কুলের হতদরিদ্র অবস্থা। নেই লাইব্রেরি,ল্যাবরেটারির মতো নুন্যতম শিক্ষণ ব্যবস্থার উপকরণ। গ্রাম ও মফস্বলে হু হু করে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। সককারি প্রকল্প ছাত্রছাত্রীদের পড়াশোনায় ধরে রাখার চেয়ে, বিনামূল্যে পাইয়ে দেবার পন্থায় বিশ্বাস করিয়েছে। মুখ্যমন্ত্রীর ‘ফ্ল্যাগশিপ প্রজেক্ট’ কন্যাশ্রী চালু করবার পরেও, এ রাজ্যে নাবালিকা বিয়ে আটকান যায়নি।২০১৯ সাল থেকে কেন্দ্রীয় তথ্য অনুযায়ী নাবালিকা বিবাহে এবং নাবালিকাদের মাতৃত্বের সংখ্যায় পশ্চিমবঙ্গের স্থান সবার উপরে। মেয়েদের স্কুলে ভর্তির অনুপাত ছেলেদের অনুপাতে করা হয়, কিন্তু তুলনামূলক হিসাবের দিকে তাকালে আশঙ্কার কথাই উঠে আসে। ছাত্রীর সংখ্যা বৃদ্ধির অনুপাত বাড়ছে, কারণ ছাত্রের সংখ্যা বিপুলভাবে কমেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর যথাযথ পরিসংখ্যান মিললেও, মেলে না প্রাইমারি ও হাই-স্কুলে নবম শ্রেণীর মধ্যে স্কুলছুটের সংখ্যা। অন্ধকার এই সময় কাটাতে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে  সরকার ও সমাজ উভয়কেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!