Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ৫, ২০২৫

ডেডলাইন পার, সুবিচারের দাবিতে অনড় যাদবপুরের ছাত্ররা।অসুস্থ উপাচার্যের সঙ্গে হাসপাতালে দেখা করলেন ব্রাত্য বসু

আরম্ভ ওয়েব ডেস্ক
ডেডলাইন পার, সুবিচারের দাবিতে অনড় যাদবপুরের ছাত্ররা।অসুস্থ উপাচার্যের সঙ্গে হাসপাতালে দেখা করলেন ব্রাত্য বসু

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, ছাত্র ইন্দ্রানুজ রায়ের শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ‘চাপা’ পড়া নিয়ে তোলপাড় রাজ্য। ছাত্র রাজনীতির গণ্ডি ছাড়িয়ে রাজ্য রাজনীতির আঙিনা সরগরম। অভিযোগ, পাল্টা অভিযোগের যুযুধান লড়াই। হাসপাতালের বেডে শুয়ে এসবই দেখছেন আহত ইন্দ্রানুজ, হুইল চেয়ারে বসে দেখছেন অভিনব, দেখছেন উপাচার্য ভাস্কর গুপ্ত, দেখছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর শাস্তির দাবিতে অনড়, ধর্নায় বসা পড়ুয়ারা। উপাচার্যের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, ছাত্রদের সাথে আলোচনায় বসতে হবে, তারুণ্যের জেদে মুখর যাদবপুর।

মঙ্গলবার ছাত্র সংগঠনগুলির তরফে যৌথভাবে জানানো হয়েছিল, ২৪ ঘন্টার মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে এসে তাঁদের সাথে আলোচনায় বসতে হবে। কয়েক দফা দাবি মানতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়ায় হুঁশিয়ারি দিয়েছিল ছাত্ররা। কিন্তু বুধবার সকালেই রক্তচাপজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন যাদবপুরের ভিসি ভাস্কর গুপ্ত। বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে চলছে চিকিৎসা। মানসিক চাপ থেকেই এরকম হয়েছে বলে দাবি করেছেন ভাস্কবাবুর স্ত্রী কেয়া গুপ্ত। কেউ কেউ অবশ্য বলছেন, ছাত্রদের মুখোমুখি হতে চাইছেন না তিনি। ডেডলাইন এড়াতেই হাসপাতালের আশ্রয় নিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই আবহে এ বার অসুস্থ উপাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে এবারে আর ‘ভুল’ করেন নি, নিরাপত্তার কড়া ঘেরাটোপের নিয়েই হাসপাতালে যান তিনি। শিক্ষামন্ত্রীর উপাচার্যকে দেখতে যাওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের অনেকের মত, শীঘ্রই উপচার্য পদ থেকে পদত্যাগ করতে পারেন ভাস্করবাবু, সে নিয়ে আলোচনা করতেই ব্রাত্য বসুর আগমন। শনিবারের ঘটনার পর ভাস্কর গুপ্তের স্ত্রীকে বলতে শোনা গেছিল, তাঁকে ডিভোর্স দিয়ে তবেই যাদবপুরের উপাচার্য ক্যাম্পাসে যেতে পারবে।’ উপাচার্যকে দেখতে গিয়ে ব্রাত্য বসু বেলছেন ‘আমাকে ছাত্রদের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল, আমি তা করিনি। তৃণমূল সৌজন্যের রাজনীতির কথা বলে। আহত ছাত্রের বাবা-মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, তাঁরা ভীষণ ভদ্র, মার্জিত, তাঁরাও এই এ ঘটনায় মর্মাহত। যাদবপুরে বামপন্থী ছাত্রদের আচরণ ছাত্রসুলভ নয়, তাঁরা তাঁদের মতামত, আদর্শ নিয়ে চলতেই পারেন কিন্তু বিরুদ্ধ রাজনিতিউ বিশ্বাসী হলেই আক্রমণ করা হবে এটা চলতে পারে না।

অন্যদিকে যাদবপুরের ঘটনায় গুরুতর আহত, ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র, ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন করে খোঁজ নিয়েছিলেন ব্রাত্য বসু। তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তা তিনি চাননি ৷ এমনকি ব্রাত্য বসু এবং তাঁর পরিবার ইন্দ্রানুজের ঘটনায় অনুতপ্ত ৷বুধবার বিকেলে যাদবপুর ক্যাম্পাসের শান্তি ফেরানোর দাবিতে একটি মিছিলে তাঁকে দেখা গেল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে করছেন আন্দোলন, শুনে রীতিমতো মর্মাহত হন তিনি। তিনি পড়ুয়াদের ধর্না তোলার আবেদন করবেন বলে জানালেন এদিন। কোনোরকম রাজনীতির জায়গায় যাবেন না বলে এদিন সাফ জানিয়ে দেন অমিত রায়। অবস্থা স্বাভাবিক হোক এটাই তিনি চান। আপাতত খানিক সুস্থ রয়েছে আহত ইন্দ্রানুজ, অভিনবরা, কিন্তু চোট রয়েছে। পুরোপুরি সেরে উঠতে সময়ও লাগবে। ইন্দ্রানুজের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে, সে নিয়ে তাঁর বাবা এদিন বলেছেন, ‘ইন্দ্রানুজ ও তাঁর বন্ধুদের ওপর অভিযোগ মিথ্যে। একটা শিক্ষা কোনও একটা ঘটনাক্রমে এমন হয়েছে, কিন্তু মিথ্যা অভিযোগ, দমন-পীড়ন ভাল না। ছাত্র-ছাত্রীদের মিথ্যা অভিযোগে ফাঁসাতে হবে, এমন নিচু মানের রাজনীতির আমি নিন্দা করছি। এটা শিক্ষাঙ্গনে একদমই চাইছি না।’

যাদবপুরের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী ছাত্রদের তীব্র সমালোচনা করেছেন। ২০১৪ সালে তাঁর আমলেই ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে আন্দোলনরত ছাত্রদের পেটানোর অভিযোগে ‘হোক কলরব’ আন্দোলন হয়েছিল। উপাচার্যের পদ থেকে সরানো হয়েছিল তাঁকে। শনিবারের ঘটনা নিয়ে মুখ খুলে এদিন বিষ্ফোরক মন্তব্য করেচেন। তিনি বলেন, যাদবপুরে এই ঘটনা যে নতুন নয়, সে কথা আরও একবার মনে করান প্রাক্তন উপাচার্য। তিনি বলেন, ‘আমি মনে করি পুলিশের আগে থেকে খবর রাখা উচিত ছিল। এই ঘটনা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যপাল জগদীপ ধনখড়, বাবুল সুপ্রিয়ো -এর সঙ্গেও ঘটেছিল। যাঁরা করেছে তাঁরা ছাত্র নয়,দুষ্কৃতী। ধারাবাহিক ভাবে একের পর এক বিশৃঙ্খলা তৈরি করে যাচ্ছে। আমি মনে করি কোনও পাকা মাথার কাজ। আইনের সাহায্য নিয়ে এদের মুখোশ খুলে দেওয়া উচিত। কর্তৃপক্ষকে আরও কড়া হতে হবে। ভয় পেলে চলবে না। চাপের কাছে মাথা নত করা যাবে না। আইনে যা বলা আছে তা নিয়ে চলতে হবে। কলকাতা হাইকোর্ট ২০১৪-২০১৫-তে যা নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মানতে হবে। প্রয়োজনে পুলিশ ঢুকবে। তার জন্য লজ্জার কিছু নেই। আর যারা আইনের বিরুদ্ধে যাবে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এরপর তিনি বলেন, ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, তাঁকে নিগ্রহ করয়াব্র অধিকার নেই ছাত্রদের। যাদবপুয়র ভারতের মধ্যেই, বিরুদ্ধ মত হলেই আক্রমণ করা আসলে তালিবানি মানসিকতার পরিচয়।’

বামপন্থী ছাত্র সংগঠন এসএফাই রাজ্যজুড়ে একাধিক কর্মসূচী নিয়েছে। কলকাতার বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটি, মেদিনীপুর, পাশকুড়া, বর্ধমান, বীরভূম জেলা থেকেও অশান্তির খবর এসেছে। শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপির বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠেছে। মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ৩ ছাত্রীকে থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশি নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ,মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে। রাজ্যজুড়ে সংগঠনের উপর আক্রমণের প্রতিবাদে ও সংহতিতে বুধবার দুপুরে মিছিলের ডাক দিয়েছিল এসএফআইয়ের যাদবপুর লোকাল কমিটি। অন্য সংগঠনগুলি নিজেদের কর্মসূচী পালন করছে। নাগরিক মহল থেকে গোটা ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে। অসুস্থ উপাচার্যের আজ আর বিশ্ববিদ্যালয়ে আসবার সম্ভাবনা নেই। তবে ক্যাম্পাসে রয়েছেন সহ-উপাচার্য, রেজিস্ট্রাররা। বুধবার সন্ধ্যায়, ছাত্রদের তরফে সাংবাদিক সম্মেলন করে একাধিক বিষয় উত্থাপন করা হয়। তাঁরা বলেন, এ রাজ্যে শিক্ষা ও কর্মসংস্থানের বেহাল অবস্থা। সে নিয়ে রাজ্য সরকারের কোনো মাথাব্যথা নেই। নেই ছাত্রছাত্রীদের নিরাপত্তা, ভবিস্যত সুরক্ষা। তাঁরা কেবল দুর্নীতি করতেই ব্যস্ত। শুধু ইন্দ্রানুজ নয়, অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করলেই লাগাতার ছাত্রদের উপর আঘাত নামিয়ে আনছে রাজ্যের শাসক দল। প্রশাসনকে লেলিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের তরফে আহত ছাত্রের যে মাওবাদী যোগের কথা বলা হচ্ছে, তাঁদের সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা মনে করিয়ে দিয়েছেন প্রতিবাদী ছাত্ররা,’মাওবাদের আদর্শে বিশ্বাসী হওয়া অপরাধ নয়, বৌদ্ধিকস্তরে চর্চা করা অপরাধ নয়। যতক্ষণ না কেউ আইনবিরোধী সশস্ত্র কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ততক্ষণ কাউকে কেবল একটি আদর্শে বিশ্বাসী বলে অপরাধী বলে দাগিয়ে দেওয়া যায় না।’ যাদবপুরে সেমিস্টার পরীক্ষা ও বিভাগীয় পরীক্ষায় ‘পেন ডাউন’ কর্মসূচি চলছে, অর্থাৎ পড়ুয়া পরীক্ষায় অংশগ্রহণ করছেন কিন্তু কিছু লিখছেন না। ছাত্রদের তরফে কর্তৃপক্ষের কাছে এ বিষয়টিকে সহানুভূতির চোখে দেখবার আবেদন করা হয়েছে। যাতে পরীক্ষায় কোনো ছাত্রছাত্রীর ব্যকলগ না আসে, তা সুনিশ্চিত করবার দাবি করা হয়েছে। আগামী ৪-৫-৬ অবধি চলবে ‘পেন-ডাউন’ কর্মসূচী চলবে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা এই প্রতিবাদে সামীল হবেন। তবে যাঁদের আগের কোনো পরীক্ষায় ব্যাক রয়েছে তাঁরা পরীক্ষা দেবন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!