- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৬, ২০২৫
ধাওয়া করে পাকড়াও জোড়া নাবালিকা বিয়ে রুখল প্রশাসন
এক রাতে জোড়া নাবালিকা বিয়ে রুখল পুলিশ-প্রশাসন। মঙ্গলকোটের খতিয়ার ও কেতুগ্রামের বিল্বেশ্বর গ্রামে। তবে এই কাজটা করতে ঘাম ছুটে যায় পুলিশের। কারণ পুলিশের গাড়ি দেখে নাবালিকা কনেকে গাড়িতে তুলে চম্পট দেয় পাত্র। হাল না ছেড়ে পুলিশ ধাওয়া করে পাকড়াও করে বর-কনেকে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন নাবালিকা বিয়ে রোধ করতে কোমর বেঁধে নেমেছে। এ ব্যাপারে নিয়মিত ‘মনিটরিং’ করছেন জেলাশাসক আয়েশা রানি এ। কন্যাশ্রী ক্লাব আর চাইল্ড হেল্পলাইনকে বেশি করে সক্রিয় করা হয়েছে। এর পাশাপাশি জেলাজুড়ে নিজস্ব ‘সোর্স’ তৈরি করেছে প্রশাসন। নাবালিকা বিয়ে আয়োজনের খবর পেলেই সেইসব সোর্স মারফত খবর পৌঁছে যাচ্ছে ব্লক প্রশাসনের কাছে। প্রশাসনের লোকজন ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে। ভেঙে দিচ্ছেন বিয়ে। সেইসঙ্গে সচেতন করছেন নাবালিকা বিয়ের কুফল ও আইনের চোখে তা কতখানি অপরাধ বা কী কী শাস্তি হতে পারে, সেইসব বিষয় সম্পর্কে।
কী হয়েছিল মঙ্গলকোটের খতিয়ার গ্রামে ? খতিয়ার গ্রামের ওই নাবালিকার অভিভাবকরা ‘ভালো’ পাত্র পেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বিয়ের আনুষঙ্গিক পর্ব তখন সারা। মালাবদলের কাউন্টডাউন শুরু হয়েছে। খবর পেয়ে সেইসময়ে হাজির সরকারি প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা। বিয়ে রোধ করে অভিভাবকদের কাছে ‘বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে না বসানোর’ মুচলেকা লিখিয়ে, পাত্রপক্ষকে ‘ভাগিয়ে’ আসর ছাড়েন তাঁরা। প্রায় একই ঘটনা ঘটে কেতুগ্রামের বিল্বেশ্বরে। সেখানেও পুলিশ আর বিডিও অফিসের লোকজন দেখে নাবালিকা কনেকে দেখে গ্রাম লাগোয়া অজয় পেরিয়ে রসুই গ্রামে গিয়ে গা-ঢাকা দেয় বর। পুলিশ-প্রশাসন খোঁজখবর করে রসুই গ্রামে পৌঁছে নাবালিকা কনেকে উদ্ধার করে। জেলাশাসকের সাফ কথা, ‘কোনও অভিভাবক নাবালিকা কন্যার লুকিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য যে কিছুদিন আগে জেলার বেশ কয়েকজন নাবালিকার গর্ভধারিণী হওয়ার খবর কানে যায় প্রশাসনের। তখন থেকেই নাবালিকা বিয়ে রোধে ‘ব্লু-প্রিন্ট’ তৈরি করে মাঠে নামে প্রশাসন। জেলায় এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় গরহাজির ছাত্রীদের পরিসংখ্যানেও কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। পূর্ব বর্ধমান জেলায় এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৮,২৬২ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৬৯১ জন। প্রথম পরীক্ষার দিন গরহাজির ছিল ৫৮৭ জন ছাত্রী। এই সংখ্যার মধ্যে অনেকেই বিয়ের পিঁড়িতে বসে পড়েছে বলে খবর পৌঁছেছে প্রশাসনের কানে। তাদের মধ্যে বেশ কয়েকজন নাবালিকাও রয়েছে। তাই নাবালিকা বিবাহরোধ অভিযান আরও জোরদার করেছে প্রশাসন।
❤ Support Us







