- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ১০, ২০২৫
১৩ বছরের গৃহযুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘর্ষ। দুদিন সিরিয়ায় নিহত ১০০০
১৩ বছর ধরে গৃহযুদ্ধ দেখে এসেছে সিরিয়া। কিন্তু গত দুদিনের মতো রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আগে কখনও চাক্ষুষ করেননি দেশবাসী। সিরিয়ায় সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাশার আল–আসাদের অনুগত যোদ্ধাদের রক্তক্ষয়ী সংঘর্ষে এক হাজারেরও বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে মহিলা ও শিশুও।
সিরিয়ার আলাউতি সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সিরিয়ার উপকূলীয় অঞ্চলের জাবলেহ ও বানিয়াস এবং আশপাশের এলাকাগুলোতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দেশের ১৩ বছরের গৃহযুদ্ধে গত দুদিনের এই লড়াইকে অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বলে মনে করছে সকলেই। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগত সশস্ত্র যোদ্ধারা সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আকস্মিক হামলা চালান। এই হামলাতেই প্রাণহানির ঘটনা ঘটে।
আল–আসাদের অনুগত যোদ্ধাদের হামলার পর সরকারি নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার আসাদের অনুগত সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালায়। দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে ১ হাজার জনন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৭৪৫ জনই বেসামরিক নাগরিক। এছাড়া ১২৫ জন সিরিয়া সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য ও ১৪৮ জন বাশার আল–আসাদের অনুগত যোদ্ধা।
সংঘর্ষ থামাতে ও শান্তি ফিরিয়ে আনতে উপকূলীয় এলাকা অভিমুখী সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় কার্ফু জারি করা হয়েছে। উপকূলীয় বিভিন্ন শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্য। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ শারা বিদ্রোহীদের অস্ত্রসহ আত্মসমর্পনের আবেদন জানিয়েছিলেন। তাতে বিদ্রোহীরা সাড়া দেননি। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন শারা। রাজধানী দামাস্কাসের মাজ্জাহে তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। শারা বলেন, ‘আমাদের জাতীয় ঐক্য ও দেশের শান্তি রক্ষা করতে হবে। আমরা মিলেমিশে বাস করতে পারি। সিরিয়ায় বর্তমানে যেসব ঘটনা ঘটছে, সেগুলো যেসব চ্যালেঞ্জ আসবে বলে আগে ধারণা করা, হয়েছিল তারই অংশ।’
❤ Support Us







