- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১১, ২০২৫
জাল ওষুধের জালে রাজ্য! ব্লাড প্রেশারের নকল ওষুধ নিয়ে উদ্বেগ, স্বাস্থ্যদপ্তরের সতর্কতা জারি
রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটের তরফ থেকে নতুন নির্দেশিকায় উদ্বেগের পরিস্থিতি। জাল ওষুধে ছেয়ে গেছে বাজার। ওষুধের গুণমান নিশ্চিত করতে কিউআর কোড স্ক্যান বাধ্যতামূলক। ভেজাল ওষুধের প্রবেশ রোধ করতে আর রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নেওয়া হয়েছে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।
রাজ্যের বাজারে দেদার বিক্রি হচ্ছে জাল ওষুধ! তাও আবার ব্লাড প্রেশারের মতো গুরুত্বপূর্ণ ওষুধ, যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন। সাম্প্রতিককালে হাওড়ার আমতা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে জাল ওষুধ, যা দেখতে আসল ওষুধের মতোই। রাজ্য ড্রাগ কন্ট্রোলের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য–নকল ওষুধগুলোর ব্যাচ নম্বর থেকে শুরু করে কিউআর কোড পর্যন্ত সবই হুবহু নকল করা হয়েছিল, যাতে সহজে ধরা না পড়ে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জাল ওষুধের কারবার দীর্ঘদিন ধরেই চলছিল। মূলত, উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত জনপ্রিয় ওষুধ ‘টেলমা এএম ৪০’ নকল করে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া নকল ওষুধের ব্যাচ নম্বর,আর আসল ওষুধের ব্যাচ নম্বর এক। ফলে সাধারণ মানুষসহ চিকিৎসকরাও সহজেই প্রতারণার শিকার হয়েছেন।
এই গুরুতর পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ সরকারের ড্রাগ কন্ট্রোল দফতরের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি হাসপাতাল ও ওষুধের দোকানগুলিকে সতর্ক করা হয়েছে। নকল ওষুধ ধরতে জারি করা হয়েছে নির্দেশিকা। ক্রেতারা যেন প্রত্যেকটি ওষুধের কিউআর কোড স্ক্যান করে তবেই কেনেন। যদি কোনো ওষুধ নকল হয়, তাহলে স্ক্যান করার পর তা দেখাবে ‘কুড নট ভেরিফায়েড’। রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের এক আধিকারিক জানান, ‘জাল ওষুধের কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ২০ লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, ইতিমধ্যে আরো বিপুল পরিমাণ নকল ওষুধ বাজারে ছড়িয়ে পড়েছে।’ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরাও। মেডিক্যাল সার্ভিস সেন্টারের সম্পাদক বিপ্লব চন্দ্র বলেছেন, ‘এটি রোগীদের জীবনের সঙ্গে খেলা করার সমান। নকল ওষুধ খাওয়ার ফলে রোগীদের শরীরে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। প্রশাসনের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’
এই জাল ওষুধ কারবারের মূল চক্রী কারা, তা খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ও ড্রাগ কন্ট্রোল বোর্ড। সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, খুব শীঘ্রই দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। কিছুদিন আগেই টেলমা এএম ৪০ ওষুধ সংক্রান্ত বিষয়ে প্রস্তুতকারী সংস্থাকে চিঠি দিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হয়েছিল। সংস্থার কাছে কি কোনো তথ্য রয়েছে, যেখানে তারা বুঝতে পেরেছে যে, মূল ওষুধের কোন অংশ নকল করা হয়েছে তা জানতে চাওয়া হয়। এরপরই সংস্থার পক্ষ থেকে রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটকে জানানো হয় যে, ব্লাড প্রেশারের ওই ওষুধের জাল সংস্করণের ব্যাচ নম্বর ০৫২৪০৩৬৭। আশ্চর্যের বিষয়, এই ব্যাচ নম্বরটি মূল ওষুধের আসল ব্যাচ নম্বরের সঙ্গে হুবহু মিল রয়েছে। জালিয়াতরা ব্যাচ নম্বর নকল করেই ওষুধ বাজারে ছাড়ার চেষ্টা করেছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, ওষুধ কেনার আগে কিউআর কোড স্ক্যান ও ব্যাচ নম্বর পরীক্ষা করতে বলা হয়েছে। কিউআর কোড স্ক্যান করলে আসল ওষুধ কিনা বোঝা যাবে, আর ০৫২৪০৩৬৭ ব্যাচ নম্বরের ওষুধ এড়িয়ে চলবার নির্দেশ দেওয়া হয়েছে। নকল ওষুধের মোড়কে বানান ভুল বা রঙের পার্থক্য থাকতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনে ফার্মাসিস্ট বা চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ওষুধ কেনার আগে ভালোভাবে পরীক্ষা না করলে ভয়ানক বিপদ ডেকে আনতে পারে।
❤ Support Us







