- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১১, ২০২৫
কলেরা থেকে মুক্তি দুলে মা’কে শ্রদ্ধা জানাতে ১০০ বছর ধরে অকাল হোলি মঙ্গলকোটের গ্রামে
অকাল হোলি উৎসবের আবিরে রাঙা মঙ্গলকোটের সাগিরা গ্রাম। বহুকাল আগে কলেরা মহামারীর চেহারা নেয় সাগিরা ও আশপাশের গ্রাম-সহ লাগোয়া বীরভূম জেলার বহু গ্রামে। একের পর এক মৃত্যুতে এলাকা তখন প্রায় শ্মশান। সেই মৃত্যুপুরীতে একদিন আসে স্বপ্নাদেশ। দুলালী মায়ের পুজো করলেই সবকিছুর নিরাময় হবে। গ্রামে শুরু হয় দুলালী মায়ের পুজো। তাতেই ফল মেলে। ধীরে ধীরে উধাও হয়ে যায় কলেরার প্রকোপ। জীবন ফেরে সাগিরা ও লাগোয়া গ্রামগুলিতে। বাঁচার আনন্দে এলাকাজুড়ে পালিত হয় আবির খেলা।
শতবর্ষ আগে শুরু হওয়া সেই অকাল বসন্ত উৎসবের ধারা আজও বজায় রয়েছে সাগিরা গ্রামে। ফি-ফাগুনে হোলির সপ্তাহখানেক আগে ‘দুলালী মা’কে শ্রদ্ধা জানিয়ে আবিরের ‘আগুনে’ রঙিন হয়ে ওঠে সাগিরার আট থেকে আশি নারী-পুরুষ। এলাকার বিশিষ্ট সমাজকর্মী সম্রাট মুনশি বলছিলেন, ‘অকাল বসন্তোৎসব দেখতে সাগিরা গ্রামে এলাকার লোকজন ভেঙে পড়ে।’ মঙ্গলকোটের গায়েই রয়েছে আউশগ্রাম থানা এলাকা। সেখানকার ভেদিয়ার কাছে বুধুরা গ্রামে রয়েছে দুলালী মায়ের মন্দির। সেখান থেকে এই সময়ে তিনদিনের জন্য দেবীকে সাগিরা গ্রামে এনে রেখে পুজো দেওয়া হয়। শুধু সাগিরাই নয়, সেইসময় যে সমস্ত গ্রাম কলেরায় প্রায় উজাড় হয়ে গিয়েছিল, সেইসব গ্রামেও এই দুলালী মাকে নিয়ে যাওয়া হয়। সাগিরা গ্রামের বাসিন্দা লক্ষ্মী সর্দার, রঘুনাথ দাসরা জানান, ‘অনেকে আবার দুলালী মাকে দুলে মা’ও বলেন। আমাদের এখানে বছরে ২ বার হোলি। একবার দুলে মা’র পুজোয়। আর একবার দোল পূর্ণিমায়।’ তবে যে সাগিরা গ্রাম এখন হোলিখেলায় মেতেছে, সেটা সাবেক সাগিরা নয়। সেটা ছিল অজয়ের অন্য পাড়ে। ১৯৭৮ আর ২০০০ সালের পরপর দুটি ভয়াবহ বন্যায় গোটা গ্রামটিই অজয়ের পেটে চলে যায়। পশ্চিম পাড়ে গড়ে ওঠে নয়া সাগিরা গ্রাম। গ্রামের ভূগোল বদলালেও কলেরার প্রকোপ থেকে রক্ষা করা দুলালী মায়ের পুজো ও আবির খেলার ধারা আজও বজায় রয়েছে গ্রামজুড়ে।
❤ Support Us







