- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১১, ২০২৫
সামাজিক সাম্যের দৃষ্টন্ত গড়লো গীধগ্রামের মন্দির। পুজো দিলেন অন্ত্যজ সম্প্রদায়, কড়া নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের
পরম্পরায় ছেদ। শিবমন্দিরে উঠে অন্ত্যজ সম্প্রদায়ের পুজো দেওয়ার দাবিকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা। কাটোয়ার গীধগ্রামের ঘটনায় গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ। গ্রামের ২ শিবিরকে নিয়ে দফায় দফায় বৈঠক করছে পুলিশ-প্রশাসন। চেষ্টা হচ্ছে, সমাধানসূত্র খুঁজে পরিস্থিতি স্বাভাবিক করার। শনিবার কাটোয়া থানায় সব পক্ষকে নিয়ে একটি বৈঠক হয়েছে। ফের মঙ্গলবার বৈঠক হবে। কাটোয়ার মহকুমাশাসক অহিনসা জৈন বলেন, ‘গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্ত্যজ সম্প্রদায়ের ২ মহিলা পুজো দিয়েছেন। সব পক্ষকে বসিয়ে বুঝিয়েসুজিয়ে গ্রামের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’ ‘ফ্যাক্ট’ ফাইন্ডিং’ করতে গিয়ে গ্রামে যায় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির একদল প্রতিনিধি। সমিতির প্রবীণ সদস্য সুব্রত চৌধুরি বললেন, ‘ভারতীয় সংবিধান অনুযায়ী সকল সম্প্রদায়ের মানুষের মন্দিরে ঢোকার ও পুজো দেওয়ার অধিকার রয়েছে। সেটাই গ্রামের মানুষজনকে বোঝানো হয়েছে।’
ঘটনার সূত্রপাত, এবারের শিবরাত্রির সময়। হুগলীর তেলেনিপাড়ার জমিদারদের জমিদারি ছিল কাটোয়ার গীধগ্রামে। প্রায় ৩০০ বছর আগে তাঁরা গীধগ্রামে মাটির শিবমন্দির প্রতিষ্ঠা করেন। বছরভর পুজো পরিচালনার জন্য পুরোহিত, মালাকার, ঢাকি, কুম্ভকার, হাজরা, মুচি, ডোম-সহ বিভিন্ন সম্প্রদায়কে নির্দিষ্ট দায়িত্ব ও কাজের পরিধি ঠিক করা হয়। তারজন্য প্রত্যেককে জমি ও বাসস্থানেরও বন্দোবস্ত করা হয়। অন্ত্যজ দাস (মুচি) সম্প্রদায়ের মানুষজন তাঁদের জন্য বরাদ্দ দায়িত্ব বছরের পর বছর পালন করলেও কোনোদিন মন্দিরে উঠে পুজো দেয়নি। এবার তারা সিদ্ধান্ত নেয়, শিবরাত্রিতে গীধেশ্বর শিবের মাথায় জল দেবেন। কিন্তু ‘দীর্ঘদিনের পরম্পরায় ছেদ পড়া’র দাবি তুলে বেঁকে বসেন গ্রামের সিংহভাগ বাসিন্দা। গ্রামের দাস সম্প্রদায়ের বাসিন্দারা মন্দিরে পুজো দেওয়ার আবেদন জানিয়ে কাটোয়া মহকুমা প্রশাসনের দ্বারস্থ হন। কাটোয়ার মহকুমাশাসক অহিনসা জৈনের পৌরোহিত্যে পুলিশ, সংশ্লিষ্ট মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরি, কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির উপস্থিতিতে গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠকে লিখিত সিদ্ধান্ত হয়, ধর্মনিরপেক্ষ দেশ ভারতে সব ধর্ম ও সব জাতের সমান অধিকার। তাই গীধগ্রামের দাস সম্প্রদায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে সিদ্ধান্ত ফলপ্রসূ করতে গিয়ে পিছু হটতে হয় পুলিশ-প্রশাসনকে। দাস সম্প্রদায়ের বাসিন্দা সন্তোষ দাস, দীনবন্ধু দাসদের কথায়, ‘পুলিশ, প্রশাসন পাশে আছে। গ্রামের বাসিন্দাদের শুভবুদ্ধির উদয় হবে। সব বাধা কেটে যাবে। আমরা মন্দিরে উঠে পুজো দেওয়ার অধিকার পাব।’ গ্রামের মধ্যে আলোচনা না করে আগেভাগেই প্রশাসনের শরণাপন্ন হওয়াটা মেনে নিতে পারছেন না জয়দেব মণ্ডল, মৃন্ময় চক্রবর্তীরা। তারা বলছিলেন, ‘গ্রামের মধ্যে আলোচনা করলেইতো মিটে যেত। গ্রামের সমস্ত সম্প্রদায়ই পুজো পরিচালনার সঙ্গে শুরু থেকে যুক্ত। যারা মন্দিরে উঠে পুজো দেওয়ার দাবি করছেন, তারা কোনওদিনই মন্দিরে ওঠেননি। এ বছর দীর্ঘদিনের সেই ঐতিহ্যে ছেদ পড়ার আবহ তৈরি হওয়ায় সমস্যা। প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত মেনে নিলেও কেউ মন থেকে মেনে নিতে পারছেন না।’
১৮ পাড়ার গীধগ্রাম কাটোয়া থানা ও মঙ্গলকোট বিধানসভার অধীনে। গ্রামে প্রায় হাজার পাঁচেক মানুষের বসবাস। এর মধ্যে ১৩০টি পরিবার দাস সম্প্রদায়ের। নিত্যসেবা হয় গীধেশ্বর শিবের। গাজনের সময় বাৎসরিক উৎসব। সবটাই চলছিল নিরুপদ্রবে। এবার তাল কেটে যাওয়ায় গ্রামজুড়ে অশান্তির পরিবেশ। তবে এই পরিবেশ কেটে যাবে বলে বিশ্বাস কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রির। তিনি এদিন বললেন, ‘সকলেরই মন্দিরে গিয়ে পুজো দেওয়ার অধিকার রয়েছে। দাস সম্প্রদায়ের দাবি যুক্তিযুক্ত। এই বিষয়টি বোঝাতে সব পক্ষকে নিয়ে ঘনঘন বৈঠকে বসা হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে।’
❤ Support Us






