- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১২, ২০২৫
ওবিসি শংসাপত্র সংক্রান্ত নির্দেশ অমান্য করে নিয়োগ, আদালতে ‘ভুল’ স্বীকার মুখ্যসচিবের
কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করে ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগের অভিযোগে কাঠগড়ায় মুখ্যসচিব মনোজ পন্থ। ‘ভুল’ স্বীকার করে, ভবিষ্যতে সতর্ক থাকার আশ্বাস। রাজ্য সরকারের নিয়ন্ত্রণহীনতা নিয়ে ভৎসনা বিচারপতিদের।
কলকাতা হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে আদালত অবমাননার মামলা দায়ের হয় উচ্চ আদালতে। মঙ্গলবার এই মামলার শুনানিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়। বিচারপতিদের সামনে তিনি ‘ভুল’ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে নিয়োগপ্রক্রিয়া চালু হলো, সেই প্রশ্নের মুখে পড়েন মুখ্যসচিব। বিচারপতি চক্রবর্তী সরাসরি জিজ্ঞাসা করেন, ‘আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করেছিলাম। তা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কীভাবে শুরু হলো? রাজ্য বা মুখ্যসচিবের এ বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই?’
উত্তরে মুখ্যসচিব মনোজ পন্থ ভুল স্বীকার করে জবাব দেন, ‘গত সেপ্টেম্বরে আদালতের নির্দেশ প্রতিটি দফতরে জানানো হয়েছিল। নির্দেশ মানা উচিত ছিল। এটি একটি ভুল হয়েছে, সেটি স্বীকার করছি। আমি এ বিষয়ে সতর্ক থাকব, নিশ্চিত করব যে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’ বিচারপতি মান্থা এরপর তাঁকে ভৎসনা করে বলেন, ‘আপনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তা। আপনার অধস্তন কর্মকর্তারা যদি আপনার নির্দেশ না মানেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না কেন? আপনার কথা না শুনলে আর কার কথা শুনবে ওঁরা?’
ওবিসি শংসাপত্র সংক্রান্ত নির্দেশ অমান্য করে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সোসাইটির নিয়োগ প্রক্রিয়া চালানোর অভিযোগ উঠে আসে আদালতে। জানা যায়, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওবিসি শংসাপত্রধারীদের অন্তর্ভুক্ত করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, এমনকি প্যানেলও প্রকাশ করা হয়। বিচারপতিরা স্পষ্ট করেন, ‘২০১০ সালের আগে যাঁরা ওবিসি শংসাপত্র পেয়েছেন, তাঁদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে ২০১০ সালের পর যারা এই শংসাপত্র পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে।’ মামলাকারীর আইনজীবী সুবীর স্যানাল আদালতে বলেন, ‘হাই কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা দিয়ে প্রচার করা হচ্ছে যে, সমস্ত নিয়োগ বন্ধ হয়ে গেছে। কিন্তু বাস্তবে আদালতের রায়ে ২০১০ সালের আগে পাওয়া শংসাপত্র বৈধ, শুধুমাত্র তার পরের শংসাপত্র বাতিল হয়েছে।’ বিচারপতিরা মন্তব্য করেন, ‘নিয়োগ বন্ধ রাখার কারণ কি শুধুমাত্র আদালতের রায়? নাকি প্রশাসনিক ব্যর্থতা? আদালত কখনও বলেনি, সমস্ত নিয়োগ বন্ধ করতে হবে।সরকারি আইনজীবীরা আদালতে একাধিক হলফনামা দিয়ে জানিয়েছেন যে নির্দেশ মেনে চলা হবে, কিন্তু বাস্তবে রাজ্য সরকার তাদের পাশে নেই।’ মুখ্যসচিবকে আদালত প্রশ্ন করেন, ‘‘যদি কেউ আপনার নির্দেশ না মানেন, তবে তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? অন্তত সংশ্লিষ্ট অফিসারদের ডেকে তাঁদের ব্যাখ্যা চাওয়া উচিত।’
উল্লেখ্য, ২০২৩ সালের ২২ মে কলকাতা হাই কোর্ট পশ্চিমবঙ্গের প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করে। আদালতের নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের পর যাঁরা এই শংসাপত্র পেয়েছেন, তাঁদের সার্টিফিকেট আইনত অকার্যকর। এই শংসাপত্র ভবিষ্যতে কোনও সরকারি বা বেসরকারি নিয়োগ, শিক্ষা, বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। রাজ্য সরকার এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায়, তবে শীর্ষ আদালত এখন পর্যন্ত হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি। বর্তমানে এই মামলা বিচারপতি বি.আর. গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে বিচারাধীন রয়েছে। ওবিসি শংসাপত্র মামলায় এদিন রাজ্য সরকারের যুক্তি ছিল, তাঁরা ২০১০ সালের পরে অন্তর্ভুক্ত ১১৩টি শ্রেণিকে বাদ দিতে চায় না। তাই কাউকে বাদ দিয়ে নিয়োগ করতে চাইছেন না। এই মামলার পরবর্তী শুনানিতে নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত রিপোর্ট পেশ করবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে মুখ্যসচিবকে হুঁশিয়ারি দিয়েছে যাতে নতুন করে আদালতের রায়ের অবমাননার কোনো অভিযোগ যেন না ওঠে।
❤ Support Us







