- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ১৩, ২০২৫
‘গ্রিন বোলান’ অভিযানে মুক্ত জাফর এক্সপ্রেস। ৩০০ জনেরও বেশি পণবন্দী উদ্ধার, মৃত্যু ২১ যাত্রীর
রুদ্ধ্বশ্বাস সামরিক অভিযানের পরে অবশেষে জঙ্গিদের হাত থেকে জাফর এক্সপ্রেস দখলমুক্ত করল পাকিস্তান সেনাবাহিনী। অভিযানে ৫০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ৩০০ জনেরও বেশি জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পাক সেনাবাহিনী। তবে জঙ্গিদের হামলায় ২১ জন পণবন্দী নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এমনই জানানো হয়েছে।
মঙ্গলবার বেলুচিস্তানের বোলান প্রদেশের প্রত্যন্ত এলাকা ধাদারে ৪৪০ জন যাত্রীসহ জাফর এক্সপ্রেস ট্রেনটিকে ছিনতাই করে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যরা ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় এবং সামরিক কর্মীসহ যাত্রীদের বিভিন্ন দলে জিম্মি করে। এরপরই ট্রেনটিকে জঙ্গিদের হাত থেকে দখলমুক্ত করতে তৎপর হয় পাকিস্তান সেনাবাহিনী। অভিযানের নাম দেওয়া হয় ‘গ্রিন বোলান’। ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জঙ্গিদের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে ট্রেন দখলমুক্ত করতে সক্ষম হয়েছে পাক সেনাবাহিনী। উদ্ধার অভিযানের সময় ৫০ জন জঙ্গি নিহত হয়েছে। ৩ জন সেনাও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি জানিয়েছেন, ট্র্যাক পাহারা দেওয়ার সময় ৩ জন সেনা নিহত হলেও, ‘গ্রিন বোলান’ নামে পরিচিত উদ্ধার অভিযানে ৩৪৬ জন পণবন্দীকে সফলভাবে মুক্ত করা হয়েছে।সেনাবাহিনীর ঘোষণার আগে, বালুচ লিবারেশন আর্মি বুধবার সন্ধ্যায় দাবি করেছিল যে, তারা ৫০ জন যাত্রীকে হত্যা করেছে। তারা আরও দাবি করেছিল যে, ২১৪ জনকে বন্দী করে রেখেছে, যাদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তা কর্মী। বালুচ লিবারেশন আর্মি পণবন্দীদের মুক্তির বিনিময়ে কারাবন্দী জঙ্গিদের মুক্তি দাবি করছিল।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি আরও জানান এই অভিযানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস এবং এসএসজির সদস্যরা অংশ নিয়েছিল এবং সফলভাবে জিম্মিদের উদ্ধার করেছে। তিনি বলেন, ‘এই সন্ত্রাসীরা অভিযানের সময় স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে তাদের সমর্থক এবং মূল পরিকল্পনাকারীদের সাথে যোগাযোগ করছিল। সকল জিম্মিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অভিযানটি অত্যন্ত নির্ভুলতা এবং সতর্কতার সাথে পরিচালিত হয়েছিল। কারণ সন্ত্রাসীরা যাত্রীদের ঢাল হিসেবে ব্যবহার করছিল।’
বুধবারের অভিযানের সময় অপারেশন কমান্ডাররা প্রথমে আত্মঘাতী বোমা হামলাকারীদের লক্ষ্য করে নিষ্ক্রিয় করে যাত্রীদের কাছাকাছি এলাকায় পালিয়ে যেতে সাহায্য করে। এরপর অপারেশন টিম ট্রেনের ভেতরে প্রবেশ করে। পদ্ধতিগতভাবে ট্রেনটিকে একের পর এক বোগা পরিষ্কার করে এবং আত্মঘাতী বোমা হামলাকারীদের নির্মূল করে।
রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এক বিবৃতিতে জাফর এক্সপ্রেসে অভিযান সফলভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন এবং ২১ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন এফসি সদস্যের শহীদ হওয়ার জন্য গভীর শোক প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জাফর এক্সপ্রেসে থাকা সকল জিম্মিকে সফলভাবে উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।
❤ Support Us







