- দে । শ
- আগস্ট ৮, ২০২৫
জেলা বিশ্ব আদিবাসী দিবস কালনায় উৎসব ৪ দিন হওয়ায় খুশি আদিবাসী সম্প্রদায়
পূর্ব বর্ধমান জেলা বিশ্ব আদিবাসী দিবস উৎসব এবার চার দিনের। কালনার আটঘড়িয়া ফুটবল মাঠে এই উৎসবের সূচনা করলেন ২ মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরি। ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক তপন চ্যাটার্জি-সহ জনজাতি সম্প্রদায়ের নেতারা। উৎসবের সূচনার আগে সিধো-কানো ও বিরসা মুণ্ডার মূর্তিতে পুজো দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপস্থিত বিশিষ্টরা। উৎসবে আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দাদের ধামসা-মাদল, খেলার সরঞ্জাম বিলি করা হয়। মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘আদিবাসী সমাজকে সম্মান দিয়েছেন মমতা ব্যানার্জি। তাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য একটার পর একটা প্রকল্প ও পরিষেবা চালু করেছেন।’ এবারের উৎসব ৪ দিনের হওয়ায় খুশি জেলার আদিবাসীরা।
উৎসবের উদ্যোক্তা আদিবাসী উন্নয়ন দপ্তর। উৎসবের চার দিন থাকছে ফুটবল, তিরন্দাজি-সহ নানান ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। ডাইনি প্রথা, বাল্যবিবাহ-সহ আদিবাসী সমাজের নানা কুসংস্কার সম্পর্কে আলোকপাত, লেখাপড়ার পর কর্মসংস্থানের নানান দিক নিয়ে আলোচনা। কাটোয়ার কোশিগ্রাম গোরক্ষতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুব্রত সাহার উদ্যোগে পড়ুয়াদের নিয়ে আদিবাসী পাড়াগুলিতে সমাজ সচেতনতামূলক বিষয় প্রচার করা হয়। স্কুলে আসার আবেদন জানানো হয়। উল্লেখ্য যে, পূর্ব বর্ধমান জেলার মোট জনসংখ্যার সাড়ে ৭ শতাংশ হল আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের। জেলার ১১ বিধানসভার ৭১টি বুথ আদিবাসী অধ্যুষিত। জেলার মধ্যে জামালপুর ব্লকে আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা সবথেকে বেশি, ৪২ হাজার।
❤ Support Us





