Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ১২, ২০২৫

মোদীকে ফোন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির, রাশিয়ার তেল না কেনার অনুরোধ

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদীকে ফোন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির, রাশিয়ার তেল না কেনার অনুরোধ

রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে ‌ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বিভিন্ন শহর ও গ্রামে রাশিয়া যেভাবে আক্রমণ চালিয়েছে, সে সম্পর্কে মোদীকে অবহিত করেছেন তিনি। রবিবার জাপোরিঝিয়ায় বাস স্টেশনে হামলার বিষয়েও জানিয়েছেন। পাশাপাশি রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের বিষয় নিয়েও কথা বলেন। রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন না করার অনুরোধ জানিয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে চরম অভিযোগ জানিয়ে জেলেনস্কি ফোনে মোদীকে বলেন, যুদ্ধ সমাপ্তির কূটনৈতিক সম্ভাবনা যখন তৈরি হয়েছে, তখন রাশিয়া যুদ্ধবিরতির জন্য প্রস্তুতি না দেখিয়ে দখলদারি এবং হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। মোদীর সঙ্গে ফোনালাপের ব্যাপারে এক্স–এ জেলেনস্কি লিখেছেন, ‘‌ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমরা সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। আমাদের জনগণের প্রতি সমর্থনের জন্য আমি ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’‌ জেলেনস্কি আরও লিখেছেন, ‘‌এটা গুরুত্বপূর্ণ যে, ভারত আমাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে এবং তাদের অবস্থান, ইউক্রেন সম্পর্কিত সবকিছুই ইউক্রেনের অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
দুই দেশের নেতা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলি নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর কাছে জেলেনস্কি আবেদন জানিয়েছেন যে, রাশিয়ার জ্বালানি, বিশেষ করে তেলের রপ্তানি সীমিত করা প্রয়োজন। যাতে এই যুদ্ধের ধারাবাহিকতা বজায় রাখার জন্য রাশিয়ার অর্থায়নের ক্ষমতা হ্রাস করা যায়। এক্স–এ জেলেনস্কি লিখেছেন, ‘‌এটা গুরুত্বপূর্ণ যে রাশিয়ার ওপর স্পষ্ট প্রভাব বিস্তারকারী প্রতিটি নেতার মস্কোকে এই ব্যাপারে বার্তা পাঠানো উচিত।’ জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী মোদী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় আলাদা ভাবে বৈঠক করতে এবং সফর বিনিময়ের বিষয়ে কথা বলতে সম্মত হয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলেনস্কিকে ধন্যবাদ জানান এবং সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য ভারতের দৃঢ় ও ধারাবাহিক অবস্থান এবং দ্রুত শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে প্রচেষ্টার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। তিনি এই বিষয়ে সম্ভাব্য সকল রকম সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া দুই দেশের নেতা ভারত–ইউক্রেন দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স–এ লিখেছেন, ‘‌রাষ্ট্রপতি জেলেনস্কির সাথে কথা বলে এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি শুনে আনন্দিত। আমি সংঘাতের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের অবিচল অবস্থানের কথা জানিয়েছি। ভারত এই বিষয়ে সম্ভাব্য সকল রকম সহযোগিতা করার পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’‌ ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!