Advertisement
  • দে । শ
  • আগস্ট ১৬, ২০২৫

পুণ্যার্থী বোঝাই বাসের ধাক্কা লরিতে, মৃত ১১,আহত ৩৪

আরম্ভ ওয়েব ডেস্ক
পুণ্যার্থী বোঝাই বাসের ধাক্কা লরিতে, মৃত ১১,আহত ৩৪

স্বাধীনতা দিবসের সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ১১ পুণ্যার্থীর। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ বর্ধমান থানার ফাগুপুরে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে পুণ‍্যার্থী বোঝাই একটি বাস ধাক্কা মারে। ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন মহিলা। আহত ৩৪ জন। জখমের তালিকায় ৬টি শিশু রয়েছে। জখম যাত্রীরা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা বিহারের মোতিহারের বাসিন্দা। ঘটনার কথা শুনে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরিস্থিতি সরেজমিনে দেখতে মন্ত্রী স্বপন দেবনাথকে হাসপাতালে পাঠান। হতাহতদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা, গুরুতর জখমদের ১ লক্ষ ও যাদের আঘাত গুরুতর নয়, তাদেরকে ৫০ হাজার টাকা অর্থসাহায্য দেওয়ার কথা ঘোষিত হয়েছে।

শুক্রবার সকালে গঙ্গাসাগর থেকে বিহারের রাজগীর হয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনানি ঘটেছে। খবর পেয়ে পুলিস তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১১জনকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন যাত্রী সঞ্জয় পাসোয়ানের বলেন, ৮ আগস্ট বিহারের মোতিহার থেকে ভলভো বাসে দেওঘরের বাবাধাম গিয়েছিলাম। সেখানে থেকে গঙ্গাসাগরে স্নান করে বিহারের রাজগীর যাওয়ার কথা ছিল। রাজগীর ঘুরে বাড়ি ফিরতাম। তার মাঝে দুর্ঘটনা।’ বাসে মোট ৪৫ জন ছিল। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাপরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ-সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। হাসপাতালের সুপার ডাঃ তাপস ঘোষ বলেন, ‘হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই আমাদের চিকিৎসক ও কর্মীরা তৎপরতার সঙ্গে জখমদের চিকিৎসা করছেন।’

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালের সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। একইসঙ্গে আহত ও নিহতদের বাড়ির লোকজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারি খরচে নিহত ও আহতদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে, পুলিশের প্রাথমিক অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়ার জন্যই এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত হতে খবর দেওয়া হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বতোভাবে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা জন্য প্রতিনিয়ত চিকিৎসদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়াও মৃতদের দেহ শনাক্ত করে দ্রুততার সঙ্গে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা ও দেহ বাড়ি পৌঁছে দিতে প্রশাসনিকভাবে গাড়ির ব্যবস্থাও করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!