Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১২, ২০২৫

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হত্যা না দুর্ঘটনা, উঠছে প্রশ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হত্যা না দুর্ঘটনা, উঠছে প্রশ্ন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। বৃহস্পতিবার রাত ১০টার পর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে ঝিল থেকে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্রীর এই রহস্যজনক মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। হত্যা না দুর্ঘটনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রামা ক্লাবের একটা অনুষ্ঠান চলছিল। ইংরেজি তৃতীয় বর্ষের পড়ুয়া নিমতার বাসিন্দা অনামিকা মণ্ডল ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শুনে রাত ১০টার দিকে তিনি ৪ নম্বর গেটে জল কিনতে যাচ্ছিলেন। সেই সময় জলে পড়ে যান। তাঁকে ঝিল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা অনামিকাকে মৃত বলে ঘোষণা করেন।

ছাত্রী মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অমিতাভ দত্ত। অন্যান্য আধিকারিকরাও ছুটে আসেন। অমিতাভ দত্ত সংবাদমাধ্যমকে বলেন, ‘অনামিকার মৃত্যু খুবই বেদনাদায়ক। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আভ্যন্তরীন অনুসন্ধান করা হবে।’‌

অনামিকার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে। তাঁকে খুন করে ঝিলের জলে ফেলে দেওয়া হয়েছে, না নিজেই অসাবধানতা বশতঃ জলে পড়ে গেছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখা হবে। ছাত্রী মৃত্যুর এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ছাত্রী–মৃত্যুর ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। পাশাপাশি ক্যাম্পাসে সিসিটিভি বসানো ও পুলিশ আউট পোস্ট তৈরির দাবি জানিয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন রাত পর্যন্ত অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিল, তা নিয়েও প্রশ্ন তুলেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!