Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৫, ২০২৫

প্রাথমিক নিয়োগ মামলার শুনানি শেষ, জামিন পেলে জেলমুক্তি পার্থর ?

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রাথমিক নিয়োগ মামলার শুনানি শেষ, জামিন পেলে জেলমুক্তি পার্থর ?

দীর্ঘ তিন বছর পর অবশেষে জেল থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সামনে। সোমবার কলকাতা হাই কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জামিনের শুনানি সম্পন্ন হয়েছে। এই মামলাতেই এখন তাঁর মুক্তি নির্ভর করছে।

বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। তবে শুনানি শেষ হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছেন আদালত। এখনও স্পষ্ট নয় কবে রায় জানানো হবে।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ। সিবিআইয়ের দায়ের করা নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ সংক্রান্ত মামলাতেও জামিন মঞ্জুর হয়েছে আলিপুর সিবিআই আদালত থেকে। ফলে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এই ‘শেষ’ মামলাতেই এখন আটকে তাঁর মুক্তির রাস্তা।

২০২২ সালে প্রথম গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ, বিপুল সোনা এবং সম্পত্তি উদ্ধার করে ইডি। এরপর একাধিক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

প্রাথমিক নিয়োগ মামলায় ২০২৩ সালের ২৭ ডিসেম্বর চার্জশিট জমা দেয় সিবিআই। চার্জশিটে পার্থ ছাড়াও নাম রয়েছে অয়ন শীল এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের। মামলায় রাজসাক্ষী হন পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য, ফলে তাঁকে অভিযুক্তদের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

তবে জামিনের বিরোধিতা করে সিবিআই-এর দাবি, পার্থ চট্টোপাধ্যায়ই নিয়োগ দুর্নীতির মূল ষড়যন্ত্রকারী। তাঁর রাজনৈতিক প্রভাব এখনও যথেষ্ট। তিনি বাইরে এলে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পার্থের আইনজীবীদের বক্তব্য, তাঁর বিরুদ্ধে সমস্ত মামলায় জামিন মঞ্জুর হয়েছে। এই মামলাতেও জামিন দেওয়া হলে তিনি দীর্ঘদিন পর জেল থেকে মুক্তি পাবেন। এখন হাই কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!